সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। তা ছাড়া দেশের ওপর একটি লঘুচাপ বিরাজ করছে। এসব কারণে গত শুক্রবার রাত থেকে দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে যে বৃষ্টি ও বজ্রবৃষ্টি শুরু হয়েছে, তা কাল সোমবার পর্যন্ত প্রায় সারা দেশে অব্যাহত থাকতে পারে।
এই সময়ের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে ভারী বৃষ্টিপাতও হতে পারে। কয়েক দিনের অব্যাহত বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
গতকাল শনিবার আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।
বৃষ্টিপাতের কারণে সারা দেশে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে ইতিমধ্যে সৃষ্ট জলাবদ্ধতা নাগরিক দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। কৃষিতে পড়ছে মিশ্র প্রভাব। বোরো চাষে সেচের প্রয়োজনীয়তা একেবারেই কমে এসেছে। তবে যেসব এলাকায় আগাম চাষ হয়েছে এবং ইতিমধ্যে ধান ফলতে শুরু করেছে, সেখানে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের গতকালের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তার সন্নিহিত বাংলাদেশের ওপর একটি লঘুচাপ বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের বিপুল তারতম্য বিদ্যমান। এর ফলে দেশের চারটি সমুদ্রবন্দরই ঝঞ্ঝার কবলে পড়তে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ৬০-৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ পথে ছোট (৬৫ ফুটের নিচে) লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গতকাল সকাল থেকে এই নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ওই অঞ্চলের যেসব পথে বড় লঞ্চ চলাচল করছে, সেগুলোর চালকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে ময়মনসিংহে ৭০ মিলিমিটার। এ ছাড়া মাইজদী কোর্টে ৬৫, চাঁদপুরে ৫৯, সন্দ্বীপে ৫৭, নেত্রকোনায় ৫৪, সিরাজগঞ্জের তারাশে ৪৮, ফরিদপুরে ৪৭, বরিশালে ৪৪, গোপালগঞ্জে ৪১, খেপুপাড়ায় ৪০, ঈশ্বরদীতে ৩৯, ফেনী ও মাদারীপুরে ৩৮, ভোলায় ৩৬, কুতুবদিয়া ও রাঙামাটিতে ৩৫, টাঙ্গাইলে ৩৩, কুমিল্লায় ৩২, ডিমলায় ২৫, ঢাকায় ২৩, রাজশাহী ও সিলেটে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রায় একটানা বৃষ্টির কারণে গত কয়েক দিনে তাপমাত্রা কমে এসেছে। দেশের কোথাও আর বৈশাখের খরতাপ অনুভূত হচ্ছে না। গত তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নামে।