সমুদ্রযাত্রায় আইনি বাধা দূর করার দাবি ক্যাডেটদের
বাংলাদেশ মেরিন একাডেমির এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে ক্যাডেটরা সমুদ্রযাত্রার পথে সব আইনি বাধা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আয়োজিত সম্মেলনে ক্যাডেটরা অভিযোগ করেন, ২০১১ সালে গেজেট প্রকাশের মাধ্যমে ক্যাডেটদের সাগরে যাওয়ার পথ রুদ্ধ করে দিয়েছে সরকার। এ সময় প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, দেশের প্রচলিত আইন ও বিধানের বাইরে যাওয়া সম্ভব নয়। তবে এ সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।সম্মেলনে আরও বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার ও বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ, মেরিন একাডেমির অধ্যক্ষ কামরুল হক চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন মেরিন ফিশারিজ একাডেমির এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আলম।অনুষ্ঠানে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ মো. জহিরুল ইসলাম। মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন বলেন, মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। বিশ্বসমুদ্র অনেক বড়। তাদের জন্য সমুদ্রের দুয়ার খুলে দিলে অন্যদের পথ রুদ্ধ হবে না। নৌপরিবহন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গী দরকার।