সমুদ্রসম্পদের সম্ভাবনাকে কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র ও সমুদ্রসম্পদের অপার সম্ভাবনা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কাজে লাগিয়ে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ‘ব্লু ইকোনমি-বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা’র উদ্বোধনকালে এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা বিশ্লেষণ করলে দেখা যায়, যে দেশ সমুদ্রকে যত বেশি ব্যবহার করতে পেরেছে, সে দেশ তার অর্থনীতিকে তত এগিয়ে নিতে পেরেছে। বাংলাদেশের ইতিহাসও এর ব্যতিক্রম নয়।
এতে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মত্স্য ও পশুসম্পদমন্ত্রী সায়েদুল হক, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং খাদ্য ও কৃষি সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল আর্নি ম্যাথিসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী স্বাগত বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী দেশের বিপুল সমুদ্রসীমা থেকে সমুদ্রসম্পদ আহরণে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রের জলরাশি এবং এর তলদেশে রয়েছে জানা-অজানা জৈব ও খনিজ সম্পদের ভান্ডার। তিনি বলেন, ‘এসব সম্পদের প্রাপ্যতা, উত্তোলন ও ব্যবহার সম্পর্কে আমাদের পর্যাপ্ত দক্ষ জনবলের অভাব রয়েছে। সুতরাং দেশের বিপুল জলসীমা থেকে সামুদ্রিক সম্পদ আহরণে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ভূ-কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড তথা ব্লু ইকোনমি উপকূলীয় রাষ্ট্র ও উন্নয়নশীল রাষ্ট্রের সামনে খুলে দিতে পারে উন্নয়নের নতুন দিক। বাসস