সমুদ্রসীমা নিষ্পত্তি সরকারের কূটনৈতিক দক্ষতার পরিচয়
ভারতের সঙ্গেও সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলার রায়ে সরকার ‘কূটনৈতিক দক্ষতার’ পরিচয় দিয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ভারতের সঙ্গেও সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলার রায়কে বাংলাদেশের পুরো অর্জন বলে অভিহিত করেছেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের নিজ কার্যালয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় হানিফ এসব কথা বলেন। বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটারের সমুদ্রসীমার মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত রায় গণমাধ্যমে প্রকাশিত হয়।
মাহবুব উল আলম হানিফ বলেছেন, এই সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। এই সরকারই পারে জনগণের অধিকারে আদায় করতে এবং এই সরকারই পারবে জনগণের অর্থনৈতিক মুক্তি এনে দিতে।
বাংলাদেশের যতগুলো অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বেই এসেছে দাবি করে মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনার নেতৃত্বের সরকারই বাংলাদেশের সব অর্জনের নেতৃত্ব দিয়েছে।
ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিষ্পত্তি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ছাত্রলীগ। আজ এক অভিনন্দন বার্তায় দলটির সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর কাটিয়ে বাংলাদেশের সমুদ্রসীমার ন্যায্য দাবি বাস্তব রূপ পেল। বাংলাদেশের সব সাফল্যের সূতিকাগার বাংলাদেশ আওয়ামী লীগ। তারা যখনই ক্ষমতায় আসে তখনই দেশের তথা জাতীয় সব সমস্যার সমাধান করে।’