সমুদ্রসীমা নিয়ে বিরোধের বর্ষপূর্তিতে মিয়ানমারের হামলার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ সমুদ্রসীমায় মিয়ানমারের তেল অনুসন্ধান নিয়ে ২০০৮ সালের নভেম্বরে মুখোমুখি অবস্থানে চলে এসেছিল বাংলাদেশ ও মিয়ানমারের নৌবাহিনী। পরের মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন বিঘ্নিত হতে পারে—এ আশঙ্কায় তখন গুলি বিনিময় করতে নিষেধ করা হয়েছিল সেনাদের। কিন্তু ওই বিরোধের ‘বর্ষপূর্তিতে’ মিয়ানমারের বাহিনী বাংলাদেশের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছিলেন সেনা কর্মকর্তারা।গত ৩০ আগস্ট সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে।তারবার্তায় বলা হয়, ২০০৯ সালের ৩ আগস্ট ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকে এ আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। ওই দিনই বিষয়টি জানিয়ে এবং মিয়ানমারের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহায়তা চাইতে পারে উল্লেখ করে ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠান ঢাকার মার্কিন মিশনের উপপ্রধান নিকোলাস ডিন।তারবার্তায় বলা হয়, বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে বিরোধের বর্ষপূর্তিতে মিয়ানমার সামরিক পদক্ষেপের কথা ভাবছে বলে মনে করছেন বাংলাদেশের শীর্ষ সেনা কর্মকর্তারা। এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী সেনা সমাবেশ করছে এবং কোনো কোনো ইউনিটকে সতর্ক অবস্থায় রেখেছে। মিয়ানমারের হুমকি এবং তা মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপের বিষয়টি প্রধানমন্ত্রী অবহিত করার প্রস্তুতি নিচ্ছেন তিন বাহিনীর প্রধান। এ ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইতে পারে।তারবার্তা অনুযায়ী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক মার্কিন কূটনীতিকদের জানান, মিয়ানমার সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে বলে তাঁকে অবহিত করেছেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। বার্তায় বলা হয়, নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদের মতে, গত বছরের ঘটনার পর মিয়ানমার তাদের আকাশ ও নৌযুদ্ধের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। মিয়ানমারের হুমকি মোকাবিলায় তারিক আহমেদ যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করেন।তারবার্তায় আরও বলা হয়, এর দুই দিন আগে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সঙ্গে আলোচনায় সেনাপ্রধান জেনারেল আবদুল মুবিনও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় সেনাপ্রধান জানান, আগের বছরের নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমারের নৌবাহিনী যখন মুখোমুখি চলে এসেছিল তখন গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে সরকার। সম্ভাব্য সংঘাতের ফলে পরের মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন বিলম্বিত হয়ে পড়তে পারে বলে শঙ্কিত হয়ে পড়েছিলেন সরকারের কর্তাব্যক্তিরা। এ কারণে মিয়ানমারের বাহিনীর সঙ্গে কোনো ধরনের গুলিবিনিময় না করতে সেনা ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল।বার্তায় বলা হয়, সেনাপ্রধান মুবিনের ধারণা, খনিজসম্পদ অনুসন্ধান থেকে পিছু হটার অপমানের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে মিয়ানমার।২০০৯ সালের ২০ অক্টোবর মার্কিন দূতাবাস থেকে পাঠানো আর একটি তারবার্তায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সঙ্গে দূতাবাসের কর্মকর্তা নিকোলাস ডিনের আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়, সীমান্তে মিয়ানমার কাঁটাতারের বেড়া নির্মাণ করায় উদ্বেগ প্রকাশ করেন মইনুল। তবে সীমান্তের কাছাকাছি এলাকায় মিয়ানমার রানওয়ে সংস্কার করছে বলে খবরের বিষয়ে মার্কিন কর্মকর্তা জিজ্ঞাসা করলে মইনুল ইসলাম বলেন, সীমান্তে মিয়ানমারের বিমান টহলের কোনো খবর তাঁর কাছে নেই। তাঁর মতে, প্রধান উদ্বেগের বিষয় হলো সীমান্ত এলাকায় মিয়ানমারের সেনা সমাবেশ।এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। সেনাপ্রধানের মন্তব্যের জন্য আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানায়।