সমুদ্রসীমা মামলার রায় আগামী বছরের মাঝামাঝি: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপু মনি
দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সমুদ্রসীমা নিয়ে যে মামলা নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থায়ী সালিস আদালতে চলছে তার রায় আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রদান করা হবে।

আজ রোববার দুপুরে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় অবস্থিত নিজের বাসায় এক সাক্ষাত্কারে দীপু মনি এ তথ্য জানান। এর আগে তিনি চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

দীপু মনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ওই মামলায় বাংলাদেশের বিজয় সুনিশ্চিত। ৯ ও ১০ ডিসেম্বর বাংলাদেশ পক্ষ শুনানিতে অংশ নিয়েছে। তিনি ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও শুনানিতে অংশ নেন। ১৮ ডিসেম্বর আবার দুই পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। এর পরই রায় প্রদানের বিষয়টি নির্ধারণ করা হবে।

দীপু মনি জানান, বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন আইনবিদ পাউল রাইকলারসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের খ্যাতনামা ছয়জন আইনজীবী মামলায় লড়ছেন। তিনি আরও জানান, ভারত চেয়েছিল বাংলাদেশকে সমদূরত্বের ভিত্তিতে হিস্যা দিতে। কিন্তু বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে হিস্যা চেয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মিয়ানমারের সঙ্গে সুমদ্রসীমা-সংক্রান্ত মামলায় যেমন বাংলাদেশের বিজয় হয়েছে, তেমনি ভারতের বিরুদ্ধে করা মামলায়ও বাংলাদেশের বিজয় হবে।