সমুদ্রসীমার বিরোধ আলোচনার মাধ্যমে মেটাতে চায় ভারতও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পর এবার ভারতও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিরসনে আগ্রহ দেখিয়েছে। ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য জাতিসংঘের সালিসি আদালতে (আরবিট্রাল ট্রাইব্যুনাল) গেলেও আলোচনার মাধ্যমে সুরাহার সম্ভাবনা তৈরি হয়েছে।সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার সিদ্ধান্ত হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে আলোচনায় বসছেন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা। এ বৈঠকে জাতিসংঘের সালিসি আদালতের বাকি তিন আরবিট্রেটর বা মীমাংসাকারী নির্বাচনের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মীমাংসাকারী নির্বাচন ছাড়াও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যাপারে দুই পক্ষ কথা বলবে। দুই পক্ষই এখন আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানে গুরুত্ব দিচ্ছে। এ ছাড়া সম্প্রতি মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হওয়ায় ভারতের সঙ্গেও আলোচনায় সমাধান খুঁজে পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নয়াদিল্লিতে দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম। প্রতিনিধিদলে দক্ষিণ এশিয়া অনু বিভাগের মহাপরিচালক মোহাম্মদ ইমরান ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একাধিক কর্মকর্তা যোগ দেবেন। এদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দিতে পারেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী সালিসি আদালতে পাঁচজন মীমাংসাকারী নিয়ে গঠিত একটি প্যানেল সালিসের কাজ চালায়। এর মধ্যে দুজনকে নির্বাচিত করে দুই দেশ এবং অন্য তিনজনকে মনোনীত করা হয় দুই দেশের সমঝোতার মাধ্যমে। বাংলাদেশের পক্ষে মীমাংসাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিটিশ আইন বিশেষজ্ঞ ভন লুই। ভারতের পক্ষে কাজ করবেন সে দেশের বিচারপতি চন্দ্র শেখর রাও।সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশের সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠকে সমদূরত্ব ও ন্যায্যতা—এই দুই নীতি সমন্বয়ের মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণে রাজি হয়েছে মিয়ানমার। অর্থাত্ মিয়ানমার শেষ পর্যন্ত জাতিসংঘের সমুদ্রসীমা আইনসংক্রান্ত সনদের (আনক্লস) ধারা অনুযায়ী ন্যায্যতা নীতি অনুসরণে বাংলাদেশের দাবি মেনে নিয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিয়ানমার সমদূরত্বের পাশাপাশি ন্যায্যতা নীতি মেনে নিতে রাজি হওয়ায় বাংলাদেশ লাভবান হবে। এ সিদ্ধান্তের ফলে নিজস্ব সমুদ্রসীমা থেকে ২০০ মাইলের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং ৩৫০ মাইলের মহীসোপান নির্ধারণের পথ সুগম হচ্ছে। এতে মিয়ানমার সমদূরত্ব পদ্ধতিতে তাদের উপকূল সীমানা থেকে ১২ নটিক্যাল মাইল থেকে সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল নিজস্ব সমুদ্রসীমা নির্ধারণ করবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ২০০ নটিক্যাল মাইল নির্ধারণে তারা ন্যায্যতা নীতি মেনে নেবে। এতে ২৪ মাইলের বাইরে ১৭৬ মাইল সমুদ্র এলাকা দুই দেশের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে ভাগ হবে। এ সিদ্ধান্তের ফলে গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ১৭টি ব্লক হাতছাড়া হওয়ার আশঙ্কা দূর হয়েছে।