সমুদ্রসীমায় উড়বে মার্কিন বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো মার্কিন নৌবাহিনীর আধুনিক টহল বিমান ‘পি-৮ পসেইডন’ টহল দেবে বাংলাদেশের সমুদ্রসীমাসংলগ্ন এলাকায়। মার্কিন বিমানটির সঙ্গে টহল দেবে জার্মানি থেকে সম্প্রতি কেনা বাংলাদেশ নৌবাহিনীর টহল বিমান ‘ডরনিয়ের-২২৮’। দুই দেশের নৌবাহিনীর যৌথ অনুশীলনে ‘ক্যারাট’-এ বিমান দুটি উড়বে বাংলাদেশের সমুদ্রসীমার ওপরে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও মার্কিন নৌবাহিনীর যৌথ অনুশীলন ‘ক্যারাট’ উদ্বোধন করতে গিয়ে এ তথ্য জানান টাস্কফোর্স-৭৩-এর কমান্ডার রিয়ার এডমিরাল চার্লস উইলিয়ামস।
মার্কিন সপ্তম নৌবহরের দক্ষিণ এশিয়াবিষয়ক নিরাপত্তা সহযোগিতাবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়ার এডমিরাল চার্লস উইলিয়ামস মনে করেন, প্রথমবারের মতো দুই নৌবাহিনীর বিমানের এ ধরনের টহল সমুদ্রসীমার পরিধি সম্পর্কে সচেতনতা বাড়াবে।
গতকাল সকালে বাংলাদেশ নৌবাহিনীর নৌ ঘাঁটি ঈশা খাঁতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যারাটের (কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেইনিং) সূচনা হয়। রিয়ার এডমিরাল চার্লস উইলিয়ামস প্রধান অতিথি হিসেবে ছয় দিনের অনুশীলনের উদ্বোধন করেন। ক্যারাটের কার্যক্রম ৩০ সেপ্টেম্বর শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবিব এবং বিএন ফ্লোটিলার কমোডর কমান্ডিং কমোডর খালেদ ইকবাল বক্তৃতা করেন।
দুই দেশের নৌবাহিনীর যৌথ অনুশীলনে ‘বিএনএস সমুদ্র জয়’ অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া হ্যামিলটন ক্লাস কাটারটি (সমুদ্রজয়-এর পূর্ববর্তী নাম) এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে বার্ষিক এ অনুশীলনে। এ বছরের জানুয়ারি থেকে প্রতি মাসেই বাংলাদেশের জলসীমার একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) টহল দিচ্ছে ‘বিএনএস সমুদ্র জয়’।
দুই দেশের মধ্যে চতুর্থবারের মতো অনুষ্ঠিত এবারের ক্যারাটে মার্কিন নৌবাহিনীর ডুবুরি ও বিস্ফোরক নিষ্ক্রিয় বাহিনীর সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সলভেজ ইউনিটের সঙ্গে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী সমুদ্র এলাকায় অনুশীলনে অংশ নেবেন। অনুশীলনে যুক্ত থাকবে ছোটখাটো লড়াইয়ের প্রস্তুতি, ছোট নৌকার রক্ষণাবেক্ষণÿও তা গুঁড়িয়ে দেওয়ার কৌশল, সমুদ্র জরিপ, ডুবুরিদের চিকিৎসা ও উদ্ধারকাজ।
এবারের যৌথ অনুশীলনে সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে স্বাস্থ্যসেবার বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া দুই দেশের নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা আইন ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সেমিনারে নিজেদের উত্তম দৃষ্টান্তগুলোর অভিজ্ঞতা একে অন্যের সঙ্গে বিনিময় করবেন।