সমুদ্রসৈকত দখল করে রাস্তা
কক্সবাজারে সমুদ্রসৈকত দখল করে হোটেলে যাতায়াতের রাস্তা তৈরি করছে ‘হোটেল সি প্রিন্সেস’ কর্তৃপক্ষ।
প্রতিবেশ সংকটাপন্ন এই সমুদ্রসৈকতে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া ভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে—এমন সব কাজ নিষিদ্ধ করা হয়েছে পরিবেশ সংরক্ষণ আইনেও।
গতকাল বৃহস্পতিবার সকালে সৈকতের সিইন পয়েন্টে গিয়ে দেখা যায়, হোটেলে যাতায়াতের জন্য সমুদ্রসৈকতের তীর ঘেঁষে বালুচরে প্রায় ১৫ ফুট প্রস্থের একটি রাস্তা তৈরি করা হচ্ছে। ২০ জনের বেশি শ্রমিক রাস্তা তৈরির কাজ করছেন।
নির্মাণশ্রমিক মোহাম্মদ হারুন বলেন, গত মঙ্গলবার রাত আটটা থেকে তাঁরা সৈকতের বালুচরে এই রাস্তাটি তৈরি করছেন। মাঝে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। তাঁরা হোটেল কর্তৃপক্ষের নির্দেশে রাস্তা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, ২৬ মার্চ দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, সৈকতের বালিয়াড়ি দখল করে অবৈধভাবে রাস্তাটি তৈরি করা হচ্ছে। এতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। এরপর রাস্তাটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সরদার শরিফুল ইসলাম আরও বলেন, গতকাল সকালে সৈকতের ওই রাস্তার নির্মাণকাজ বন্ধ করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু বিকেল পর্যন্ত রাস্তার কাজ বন্ধ হয়নি। প্রতিবেশ সংকটাপন্ন সৈকতে এই রাস্তা তৈরি হলে পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হবে।
পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ইসিএ এলাকায় ওই রাস্তাটি নির্মাণের কারণে সৈকতে বিচরণরত হাজারো লাল কাঁকড়াসহ বিভিন্ন জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে।
রাস্তা নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে হোটেল সি প্রিন্সেসের প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, পর্যটকদের চলাচলের জন্য এই রাস্তা তৈরি করা হচ্ছে। এতে পরিবেশের তেমন ক্ষতি হবে না। রাস্তাটি নির্মাণে প্রশাসনের মৌখিক অনুমতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, প্রতিবেশ সংকটাপন্ন সমুদ্রসৈকতে রাস্তা নির্মাণের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। এ ব্যাপারে কেউ জেলা প্রশাসনে আবেদনও করেনি। সৈকতের জমি দখল করে রাস্তা নির্মাণের বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।