সমুদ্রসৈকতে আরও একটি ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরতলির দরিয়ানগর এলাকায় গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের আরও একটি ক্যাম্পাসের (আউটরিচ) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে তিনি বলেন, কক্সবাজারের সমুদ্রসৈকত তীরের এই ক্যাম্পাস সমুদ্রসম্পদ এবং বণ্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণ অনুসন্ধানে বড় ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন নুরুল আবছার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজারের সভাপতি অধ্যাপক এম এ বারী, কক্সবাজার বায়তুশশরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম সিরাজুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাণিসম্পদ রক্ষা এবং সম্পদকে কাজে লাগানোর জন্য দরকার গবেষণা। এ জন্য সৈকতের পাশে স্থাপন করা হচ্ছে এই ক্যাম্পাস।

ডিন নুরুল আবছার বলেন, শহরের ঝিলংজা মৌজার দরিয়ানগর এলাকায় পাঁচ একর জমির ওপর এই ক্যাম্পাস স্থাপন করা হচ্ছে। এখানে সমুদ্রসম্পদ সংরক্ষণ, সম্প্রসারণ ও তার বিকল্প ব্যবহার-সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণা, উপকূলীয় পরিবেশ ব্যবস্থাপনা ও বায়োটেকনোলজির ওপর উচ্চতর ডিগ্রি গ্রহণের সুযোগ থাকবে।

কক্সবাজার বায়তুশশরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম সিরাজুল ইসলাম বলেন, কক্সবাজারে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। সাক্ষরতার দিক থেকে এই জেলা পিছিয়ে আছে। এখানে বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাস স্থাপিত হওয়ায় শিক্ষার প্রসার ঘটবে।

উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, এই ক্যাম্পাস স্থাপনের বিপরীতে প্রায় ২৬৫ কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাস হয়েছে। শিগগিরই প্রকল্পটি একনেকের অনুমোদন লাভ করবে।

উপাচার্য বলেন, কোস্টাল বায়োডাইভারসিটি ও ফিশারিজ বিষয়ে পড়ালেখা ও গবেষণার জন্য কক্সবাজার এই ক্যাম্পাস ভূমিকা রাখবে। আগামী তিন বছরের মধ্যে ক্যাম্পাস তৈরির কাজ শেষ হবে। এই ক্যাম্পাসে প্রশাসনিক ভবন, শিক্ষক নিবাস, ছাত্র ও ছাত্রীদের পৃথক হল ছাড়াও আন্তর্জাতিক মানের সম্মেলনকেন্দ্র থাকবে।