সমুদ্রসৈকতে পর্যটকের নিরাপত্তায় অ্যাম্বুলেন্স প্রদান
কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল শুক্রবার বিকেলে আধুনিক মানের একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড অ্যাম্বুলেন্সটি প্রদান করে। সমুদ্রসৈকত রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ‘কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি’র সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী সৈকতের লাবণী পয়েন্টে অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কে এস তাবরেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন প্রমুখ।সানাউল আরেফিন বলেন, ২০১১ সালের ২৯ জুলাই এই সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এবং সাগরে ডুবে মারা যান বিজ্ঞাপনী সংস্থা মাত্রার তিন তরুণ সদস্য ও ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী আবিদ শাহরিয়ার, গ্রাফিক্স ডিজাইনার কাজী আশিক মোস্তফা ও ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ মুত্তাকিন মাহবুব। এরপর ‘সমুদ্রসৈকত হোক নিরাপদ’ স্লোগান সামনে রেখে সৈকতের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মাত্রা ও অ্যাডভার্টাইজিং ক্লাব ঢাকা যৌথভাবে এক বছর ধরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আবিদসহ তিনজনের মৃত্যুর প্রথম বার্ষিকী উপলক্ষে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের আর্থিক সহযোগিতায় এবং মাত্রার উদ্যোগে অ্যাম্বুলেন্সটি দেওয়া হলো।