সমুদ্রসৈকতে হাজারো ভক্তের প্রতিমা বিসর্জন
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতে গতকাল বুধবার বিকেলে হাজার হাজার ভক্ত বিসর্জন দেন দেবী দুর্গাকে। বিকেল পাঁচটায় মন্ত্র পাঠের মধ্য দিয়ে একে একে ২১৩টি প্রতিমা সমুদ্রে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের আগে বিশাল বালুচরে প্রতিমা রেখে চলে ঢাকঢোল পিটিয়ে ভক্তদের শেষ আরাধনা।মন্ত্র পাঠের পর মাইকে যখন ঘোষণা এল সারিবদ্ধভাবে প্রতিমা বিসর্জনের, তখন হাজারো ভক্তের চোখে ভিজে যায় অশ্রুতে। বেদনায় ভারাক্রান্ত ভক্তরা একে একে সব প্রতিমা বিসর্জন দেন বঙ্গোপসাগরে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে উত্তাল সাগরে প্রতিমা বিসর্জন।বিকেল চারটার আগে জেলা শহর ছাড়াও টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, খুরুশকুলসহ বিভিন্ন মণ্ডপ থেকে দুই শতাধিক ট্রাকে করে প্রতিমা সৈকতে নিয়ে আসা হয়। জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, এ বছর জেলায় ২৪৮টি মণ্ডপে পূজা উদ্যাপিত হয়েছে। এর মধ্যে ২১৩টি প্রতিমা কক্সবাজার সৈকতে বিসর্জন দেওয়া হয়েছে। বিকেল চারটায় সৈকতের লাবণী পয়েন্টের বিজয়ামঞ্চ থেকে শুরু হয় বিসর্জন অনুষ্ঠান। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাংসদ এ্যাথিন রাখাইন, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, কক্সবাজার পৌরসভার মেয়র রাজ বিহারী দাশ, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার প্রমুখ।মন্ত্র পাঠ করান শহরের সরস্বতীবাড়ি মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য্য। জেলা প্রশাসক বলেন, লাখো মানুষের উপস্থিতিতে এত বড় বিসর্জন উৎসব আগে কোথাও দেখিনি। যেকোনো মূল্যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে। পুলিশ সুপার বলেন, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আজ দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি।’ সভা পরিচালনা করেন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা। জেলা পূজা উদ্যাপন পরিষদ এই বিসর্জন উৎসবের আয়োজন করে। প্রতিমা বিসর্জনকে নিরাপদ করতে জেলা পুলিশ বেলা দুইটার পর থেকে সৈকতে নামার প্রধান সড়কে যানবাহন ও রিকশা চলাচল বন্ধ করে দেয়। এ কারণে হাজার হাজার মানুষকে হেঁটে সৈকতে নামতে হয়েছে। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের পর একই কায়দায় তাদের আবার বাড়ি ফিরতে হয়েছে। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশ বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধমন্দির ও বসতিতে উগ্র-ধর্মান্ধ গোষ্ঠীর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গাপূজা পালন নিয়ে উৎকণ্ঠা ছিল। কিন্তু পুলিশের নিরাপত্তা এবং সব মহলের সহযোগিতায় আমরা অতীতের মতো মহা ধুমধামে দেশের বৃহৎ প্রতিমা বিসর্জন উৎসব সম্পন্ন করতে পেরেছি।