পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব খুরশীদ আলম বলেছেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ মামলায় জয়ের ফলে গভীর সমুদ্রে সম্পদের ওপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার এশিয়াটিক সোসাইটিতে ‘বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা’ শীর্ষক কর্নেল (পরে ব্রিগেডিয়ার) জামিল আহমেদ স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। এশিয়াটিক সোসাইটির সহসভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোসাইটির সচিব এ কে এম গোলাম রব্বানী।
খুরশীদ আলম সমুদ্রসীমার বিভিন্ন প্রেক্ষাপট ও সমুদ্র আইনসংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এই রায়ের ফলে বাংলাদেশ উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল সমুদ্রসীমার বাইরেও প্রবেশ করার সুযোগ পেয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমুদ্রসীমা বিরোধ নিয়ে ভারতের সঙ্গে করা মামলার রায় হবে আগামী বছর। সেখানেও বাংলাদেশ জয়ের ব্যাপারে আশাবাদী।