
প্রথমবারের মতো সমুদ্রগামী জাহাজে যোগদান করলেন বাংলাদেশের মেয়েরা। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমভি বাংলার শিখা’ জাহাজে আনুষ্ঠানিকভাবে দুজন নারী ক্যাডেট যোগদান করেছেন। পর্যায়ক্রমে আরও ১১ জন ক্যাডেট বিএসসির চারটি জাহাজে যোগদান করবেন।
গতকাল শনিবার এমভি বাংলার শিখা জাহাজে ইঞ্জিন ক্যাডেট হিসেবে লাভলী দাস এবং ডেক ক্যাডেট হিসেবে বিউটি আক্তারের হাতে নিয়োগপত্র তুলে দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য জাহাজে নিয়োগ পাওয়া ১১ জন নারী ক্যাডেট।
কনটেইনার পরিবহনকারী বাংলার শিখা জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে মংলা বন্দরে কনটেইনার আনা-নেওয়ায় নিয়োজিত আছে। আজ রোববার জাহাজটি মংলা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা।
এই ১৩ জন ক্যাডেট গত বছরের ডিসেম্বরে মেরিন একাডেমি থেকে ক্যাডেট হিসেবে উত্তীর্ণ হন। তাঁরা এক বছর বিএসসির পাঁচটি জাহাজে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এরপর সমুদ্র পরিবহন অধিদপ্তরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে অফিসার হিসেবে জাহাজে কর্মজীবন শুরু করতে পারবেন।
নৌমন্ত্রী বলেন, ‘একসময় মেয়েরা গাড়ি চালাত, উড়োজাহাজ চালাত। এখন বাংলাদেশের মেয়েরা জাহাজও চালায়। বিএসসির পাঁচটি জাহাজে এই ১৩ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদের বলেন, প্রশিক্ষণকালীন ক্যাডেটদের সুযোগ-সুবিধাসহ ভাতা দেওয়া হবে। এসব সুযোগ-সুবিধার পেছনে প্রতিজন ক্যাডেটের জন্য প্রতি মাসে ৪০ হাজার টাকা খরচ হবে।’
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ১৩ জন নারী ক্যাডেটকে বন্দর থেকে বৃত্তি দেওয়ার ঘোষণা দেন।
নিয়োগপত্র হাতে পাওয়ার পর ডেক ক্যাডেট বিউটি আক্তার জানান, ‘দুই আত্মীয়কে এই পেশায় থাকতে দেখে আগ্রহ তৈরি হয়। গত বছর ক্যাডেট হিসেবে উত্তীর্ণ হওয়ার পর প্রথম নিয়োগ পেলাম।’