সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান আগামী মৌসুমেও অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান আগামী মৌসুমেও (নভেম্বর-মার্চ) শুরু হওয়া অনিশ্চিত। যদিও দুটি উত্পাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে অগভীর সমুদ্রের তিনটি ব্লকের কর্মপরিকল্পনা ও ব্যয়প্রস্তাব পেট্রোবাংলায় জমা পড়েছে। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানিগুলো কিংবা পেট্রোবাংলা কাজ শুরুর বিষয়ে নিশ্চিত নয়।

এ-সম্পর্কে পেট্রোবাংলার সংশ্লিষ্ট সূত্র বলছে, অনুসন্ধান শুরু করার জন্য পিএসসি স্বাক্ষরকারী কোম্পানিগুলোকে দরপত্রের মাধ্যমে অনুসন্ধানকারী কোম্পানি নিয়োগ দিতে হবে। সেই নিয়োগ আবার পেট্রোবাংলার অনুমোদন পেতে হবে। সাধারণভাবে এই প্রক্রিয়া শেষ হতে ন্যূনপক্ষে তিন মাস লাগে।

সূত্র বলে, এখন পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি। আগামী মাসের (সেপ্টেম্বর) গোড়ার দিকে শুরু হলেও তা শেষ হতে নভেম্বর গড়িয়ে যাবে। নিযুক্ত অনুসন্ধানকারী কোম্পানির পক্ষে তারপর প্রস্তুতি নিয়ে কাজ শুরু করার সময় আর থাকে না। কেননা আবহাওয়াজনিত কারণে সমুদ্রে অনুসন্ধানকাজ নভেম্বরের মধ্যে শুরু করে মার্চের মধ্যে শেষ করতে হয়।

এই অবস্থায় সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের শুরুটাই আরও এক বছর পিছিয়ে যাবে কি না—জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই অনুসন্ধানকাজ আগামী মৌসুমের মধ্যেই শুরু হোক। সেভাবেই আমাদের সব চেষ্টা অব্যাহত থাকবে।’

অগভীর সমুদ্রের যে তিনটি ব্লকে কাজ শুরু হওয়ার কথা তার অন্যতম হচ্ছে ১১ নম্বর ব্লক। এই ব্লকের জন্য সরকারের সঙ্গে যৌথভাবে পিএসসি সই করেছে অস্ট্রেলিয়ার স্যান্তোস ও সিঙ্গাপুরের ক্রিস এনার্জি।

বিশেষজ্ঞ পর্যায়ে সম্ভাবনাময় হিসেবে বিবেচিত, মিয়ানমারসংলগ্ন ওই ব্লকটির তিন হাজার লাইন কিলোমিটারজুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর একটি কর্মপরিকল্পনা তারা পেট্রোবাংলায় জমা দিয়েছে। এ জন্য তারা ব্যয়প্রস্তাব করেছে প্রায় এক কোটি মার্কিন ডলার।

পাশাপাশি তারা অনুসন্ধান কোম্পানি নিয়োগের একটি সংক্ষিপ্ত পথ অনুসরণের কাজ শুরু করেছে। তাতে প্রচলিত দরপত্র প্রক্রিয়ার পরিবর্তে যোগ্য কোম্পানিগুলোর কাছ থেকে আগ্রহপত্র আহ্বান করা হয়েছে।

মোট আটটি কোম্পানি সে আহ্বানে সাড়াও দিয়েছে বলে কোম্পানির সূত্র জানায়। এদের মধ্য থেকে

যোগ্যতর কোম্পানি বাছাই করে তাদের দিয়ে অনুসন্ধান করাতে চায় স্যান্তোস-ক্রিস। সরকারও এই প্রক্রিয়া অনুমোদন করবে বলে সূত্রের ধারণা। তবে এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ছাড়া, অগভীর সমুদ্রের ৪ ও ৯ নম্বর ব্লকের জন্য সরকারের সঙ্গে যৌথভাবে পিএসসি সই করেছে ভারতীয় কোম্পানি অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন (ওএনজিসি) এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল)। তারা ৪ নম্বর ব্লকের ২ হাজার ৭০০ এবং ৯ নম্বর ব্লকের ২ হাজার ৮৫০ লাইন কিলোমিটারজুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর কর্মপরিকল্পনা পেট্রোবাংলায় উপস্থাপন করেছে। দুটি ব্লকে এই কাজের জন্য তারা ব্যয়প্রস্তাব করেছে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার।

কিন্তু তারা অনুসন্ধানকারী কোম্পানি নিয়োগের কোনো প্রক্রিয়া শুরু করেনি। তবে কোম্পানির একটি সূত্র প্রথম আলোকে বলে, স্যান্তোস-ক্রিস যে প্রক্রিয়ায় অনুসন্ধানকারী কোম্পানি নিয়োগের উদ্যোগ নিয়েছে, তারাও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে। এমনকি তিনটি ব্লকের জন্য একটি অনুসন্ধানকারী কোম্পানিই নিয়োগ করা যায় কি না—তাও তারা ভেবে দেখছে।

এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার একটি সূত্র বলছে, তারা যেভাবে ভাবছে তাতে অনুসন্ধানকারী নিয়োগে সময় কম লাগার পাশাপাশি তাদের ব্যয়ও অনেক কম হবে। কিন্তু তাতে বাংলাদেশের কোনো লাভ হবে কি না পেট্রোবাংলাকে দেখতে হবে সেটা। একটি কোম্পানি তিনটি ব্লকে অনুসন্ধানের কাজ করলে তো অনুসন্ধান শেষ হতে সময় বেশি লাগবে। কিন্তু পেট্রোবাংলা চাইবে সম্ভাব্য কম সময়ের মধ্যে ওই কাজ শেষ হোক।

এদিকে, গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকে নিবিড় অনুসন্ধান চালানোর বিষয়েও অচলাবস্থা অব্যাহত রয়েছে। ওই দুটি ব্লকের জন্য পিএসসি স্বাক্ষরকারী আমেরিকান কোম্পানি কোনোকোফিলিপস দাবি করেছে, পিএসসি সংশোধন করে গ্যাসের দাম বাড়ানো না হলে তারা নিবিড় অনুসন্ধান বা তার পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখতে পারবে না।

অপরদিকে সরকার সিদ্ধান্ত নিয়েছে, পিএসসি সংশোধন করে গ্যাসের দাম বাড়ানো হবে না।