সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান করবে আন্তর্জাতিক কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্রে অনুসন্ধান ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল বিধায় আপাতত আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর মাধ্যমে তেল ও গ্যাস অনুসন্ধান করা হবে। তবে গভীর সমুদ্রের ব্লকে বাপেক্সের জন্য ১০ শতাংশ অংশীদারি (ক্যারিড ইন্টারেস্ট) রাখার বিধান রাখা হয়েছে। এ জন্য বাপেক্সকে শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।গতকাল বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রের সম্পদ আহরণের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা চিহ্নিত করা প্রয়োজন। সমুদ্রে দ্বিপক্ষীয় সীমানা নির্ধারণের পর সম্পদ আহরণের জন্য সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, সমুদ্রের জলরাশি ও তলদেশে বিদ্যমান জৈব ও খনিজ সম্পদ অনুসন্ধান, উত্তোলন এবং ব্যবহারের জন্য স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত দক্ষ জনবল নেই। দক্ষ জনবল তৈরি করতে সরকার ঢাকা ও চট্টুঁগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান বিষয়ে উচ্চতর শিক্ষাদানের উদ্যোগ নিয়েছে। বঙ্গোপসাগরের মাছ ও জৈব সম্পদ আহরণের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিশেষায়িত জাহাজ কেনার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধসংক্রান্ত মামলার রায়ের পর গভীর সমুদ্রে উৎপাদন বণ্টন চুক্তির মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৩ এপ্রিল আন্তমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক আদালতের রায়ের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রসীমা চিহ্নিত করবে। সরকার সে অনুযায়ী ব্লক ম্যাপ তৈরি করে ‘পিএসসি বিডিং রাউন্ডের’ আয়োজন করবে। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিকে (এমএলএম) নিয়ন্ত্রণের জন্য ‘ডাইরেক্টর সেল আইন ২০১২’-এর খসড়া সচিব কমিটিতে পাঠানো হয়েছে। সচিব কমিটি ও মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের পর তা সংসদে উত্থাপন করা হবে। বজলুল হারুনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে স্বাধীনতা যুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) অ্যাক্ট-২০০৯ প্রণয়ন করা হয়েছে এবং গঠিত ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। আশা করা যায়, শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচারকাজ সম্পন্ন হবে।প্রশ্নোত্তরের আগে বিকেল সোয়া পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরু হয়।