সমুদ্রে নিরাপদ গোসলের ব্যবস্থা হয়নি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা। সমুদ্রে গোসল করতে নেমে ডুবে যান রাজধানীর মালিবাগ থেকে ভ্রমণে আসা কলেজছাত্র সাজ্জাদুল। এ সময় সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে পাঁচ মিনিটের মধ্যে সাজ্জাদুলকে উদ্ধার করেন কয়েকজন ডুবুরি। তবে এ ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ভয়ে অনেকে সাগর থেকে উঠে আসেন।
রাজধানীর শেওড়াপাড়া থেকে ভ্রমণে আসা ব্যবসায়ী নজিবুল বাশার (৪৪) বলেন, সৈকতে পর্যটকদের জন্য নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ।
চট্টগ্রামের গৃহবধূ সায়লা পারভীন (৪৫) বলেন, এই সৈকত দেখে মন ভরে যায়। কিন্তু ঝুঁকির কারণে সৈকতে নিরাপদে গোসল করা যাচ্ছে না। এই সৈকত ইজারা দিয়ে বছরে কোটি টাকা আয় হলেও কয়েক লাখ টাকা ব্যয়ে সমুদ্রের নির্দিষ্ট এলাকা লোহার জাল দিয়ে ঘিরে নিরাপদ গোসলের ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না।
ইয়াছির লাইফগার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বলেন, এখনো সমুদ্রে নিরাপদ গোসলের ব্যবস্থা নিশ্চিত করা যায়নি। তিনি বলেন, সৈকতে গোসল করতে নেমে গত ১১ বছরে ৮৭ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে এক হাজার ২৫০ জন পর্যটককে।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ২০১১ সালের ২৯ আগস্ট সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে মারা যান সংগীতশিল্পী আবিদ শাহরিয়ারসহ মাত্রার তিন কর্মকর্তা। এরপর বিভিন্ন সংগঠন দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ গোসলের ব্যবস্থাসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত একটি দাবিও বাস্তবায়িত হয়নি।
সৈকত ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সি-বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, নিরাপদ গোসলের ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। পর্যটকদের সচেতন করতে প্রশাসন নানা পদক্ষেপ হাতে নিয়েছে।