সমুদ্রে ২ ছাত্রের মৃত্যু, নিখোঁজ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিনে সমুদ্রে গোসল করতে নেমে আজ সোমবার ঢাকার আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মফিজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন অঙ্কুর। এ ছাড়া সাব্বির, উদয়, নোমান ও বাপ্পী নামের চারজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এদিকে মুমূর্ষু অবস্থায় ফয়সাল, আশিক, ফারহান ও ইফতেখার মাহমুদকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁরা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।

নিহত, নিখোঁজ ও উদ্ধার হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র। তাঁদেরসহ ৩৪ জন শিক্ষার্থীর একটি দল আজ দুপুর ১২টায় সেন্ট মার্টিনে যান।

সেন্ট মার্টিন কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লে. শহিদ আল আহসান জানিয়েছেন, নিখোঁজ চার ছাত্রকে উদ্ধারের জন্য ওই এলাকায় নৌবাহিনীর ডুবুরি দলের পাশাপাশি কোস্ট গার্ড, পুলিশ, স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুটি টানা জাল, ছয়টি স্পিডবোট ও তিনটি ট্রলারে করে উদ্ধারকাজ চালানো হচ্ছে। দ্রুত খুঁজে পাওয়া না গেলে মরদেহ ভেসে উঠতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।

সেন্ট মার্টিন দ্বীপের সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ জানান, ওই ৩৪ জন শিক্ষার্থী টেকনাফ থেকে কুতুবদিয়া জাহাজে করে দুপুর ১২টায় সেন্ট মার্টিনে পৌঁছেন। তাঁরা সেখানে সেন্ট সৌর রিসোর্টে ওঠেন। বেলা দুইটার দিকে কয়েকজন শিক্ষার্থী দ্বীপের জেটি ঘাটের উত্তর-পূর্ব পাশে প্রিন্স হ্যাভেন পয়েন্ট দিয়ে গোসলে নামেন। কিছুক্ষণ পর ছাত্রদের মধ্যে হইচই শুরু হয়। স্থানীয় লোকজন গিয়ে মুমূর্ষু অবস্থায় ওই ছয় ছাত্রকে উদ্ধার করেন। তাঁদের কোস্ট গার্ডের একটি স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক এনামুল জানান, ছয় শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় লোকজন জানান, যে পয়েন্টে ওই ছাত্ররা নেমেছিলেন সেখানে পানির স্রোত বেশি ছিল। আর তখন ভাটা থাকায় স্রোতের টানে হয়তো ভেসে গিয়েছিলেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ বড়ুয়া জানান, নিখোঁজ ছাত্রদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।