পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রাপ্তি অবিশ্বাস্য। সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় প্রসঙ্গে জাতীয় সংসদে গতকাল রোববার ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।দীপু মনি বলেন, পররাষ্ট্রনীতিকে নতজানু হতে না দিয়ে জাতির স্বার্থ রক্ষায় এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সরকার আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়। এর মাধ্যমে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে সমুদ্রে ২০০ নৌমাইল পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালে সমুদ্রে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রণয়ন করেন। ১৯৮২ সালে জাতিসংঘে এ বিষয়ে দাবি পেশের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু পূর্ববর্তী সরকারগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। দাবি আদায়ের জন্য যে ধরনের ভূতাত্ত্বিক জরিপকাজ চালানোর প্রয়োজন ছিল, তা কেউ করেনি। বর্তমান সরকার ক্ষমতায় এসে এ কাজগুলো দ্রুত শেষ করে। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ভারতের সঙ্গে দুই দফায় এবং মিয়ানমারের সঙ্গে তিন দফা আলোচনা করে। সমাধান না হওয়ায় সরকার পাঁচ মাসের মাথায় আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ায় সিদ্ধান্ত নেয়। দীপু মনি বলেন, ১৪ মার্চ আন্তর্জাতিক আদালত রায় দেন। এ রায় বাধ্যতামূলক, এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। রায় অনুযায়ী, সেন্ট মার্টিনের চারপাশে ১২ নৌমাইল পর্যন্ত বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে মিয়ানমারের দাবি ছিল ছয় নৌমাইল।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৫ সালে তৎকালীন সরকার একতরফাভাবে সমুদ্রে ২৮টি ব্লক ঘোষণা করে। এ ধরনের হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশের সম্ভাবনাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এ ঘোষণার কারণে ২৮টি ব্লকের মধ্যে ১৭টি দাবি করে মিয়ানমার এবং ১০টি দাবি করে ভারত। এ ঘোষণা মিয়ানমারকে তার সমুদ্রসীমা ৩০ থেকে ১২২ নৌমাইল সীমাবদ্ধ করে দেয়। বিএনপি যে ধরনের বৈরী রাজনীতি করে, এ ধরনের সিদ্ধান্ত তারই বহিঃপ্রকাশ।দীপু মনি আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট দেশি-বিদেশি ব্যক্তিদের ধন্যবাদ জানান।