সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ: জেলেদের ১৬৭২১ মেট্রিক টন ভিজিএফ বরাদ্দ

২০২০-২১ অর্থবছরে দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই ২০২১) মৎস্য আহরণ নিষিদ্ধকালে জেলেদের জন্য ১৬ হাজার ৭২১.৩২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় দেশের উপকূলীয় ১৪টি জেলার ৬৬টি উপজেলায় ২ লাখ ৯৮ হাজার ৫৯৫টি জেলে পরিবারকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিটি জেলে পরিবার ১ম ধাপে (২০ মে থেকে ৩০ জুন ২০২১) মাসিক ৪০ কেজি হারে ৪২ দিনের জন্য মোট ৫৬ কেজি চাল পাবে।

আজ বুধবার (১২ মে) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ-সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ভিজিএফের চাল ১০ জুনের মধ্যে উত্তোলন এবং নিষিদ্ধকালে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণ করা হবে। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ ভিজিএফ প্রদান করা যাবে না।

খুলনার বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া, দিঘলিয়া ও রূপসা, বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা, সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, মীরসরাই, সন্দ্বীপ, কর্ণফুলী, চট্টগ্রাম মহানগর ও সীতাকুণ্ড, কক্সবাজারের সদর, চকরিয়া, মহেশখালী, উখিয়া, পেকুয়া, কুতুবদিয়া, টেকনাফ ও রামু, নোয়াখালীর হাতিয়া, সদর, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ, ফেনীর ফুলগাজী, লক্ষ্মীপুরের রামগতি, সদর, কমলনগর ও রায়পুর, বরিশালের মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ, হিজলা, সদর ও উজিরপুর, ঝালকাঠির রাজাপুর, বরগুনার সদর, পাথরঘাটা, আমতলী ও তালতলী, পিরোজপুরের সদর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী ও ইন্দুরকানি, পটুয়াখালীর সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনা এবং ভোলার সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমুদ্দিন ও মনপুরার জেলেরা বরাদ্দ পাবেন।

দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী এ বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে গত ১৩ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে এ ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য নৌযান দিয়ে যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি