সমুদ্রে মাছের পরিমাণ জানতে কাল থেকে শুরু জরিপ
সমুদ্রসীমা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ এখন বঙ্গোপসাগরে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকায় মৎস্যসম্পদ আহরণ করতে পারবে। নতুন এই সীমানা মৎস্যসম্পদ আহরণের নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। সেই লক্ষ্যে আগামীকাল থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে জরিপ জাহাজ আর ভি মীন সন্ধানী। ওই জরিপের মাধ্যমে সমুদ্রে কী পরিমাণে মৎস্যসম্পদ আছে এবং তার কতটুকু আহরণ করা সম্ভব, তা জানা যাবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর মৎস্য অধিদপ্তরে সামুদ্রিক মৎস্যসম্পদের মজুত নির্ণয় ও অন্যান্য গবেষণার জন্য আনা জরিপ জাহাজটির কার্যক্রম তুলে ধরতে আয়োজন করা এক কর্মশালায় এসব কথা জানানো হয়। কর্মশালায় জানানো হয়, এখন বাংলাদেশ বছরে সমুদ্র থেকে ছয় লাখ টন মাছ আহরণ করে। সমুদ্রের মৎস্যসম্পদ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারলে তা আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব।
কর্মশালায় বাংলাদেশ মেশিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের পরিচালক এ বি এম আনোয়ারুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ইতিমধ্যে দেশের উপকূলীয় এলাকায় জরিপ চালিয়ে ৩১ প্রজাতির মাছের বাৎসরিক আহরণের পরিমাণ জানা গেছে। এর মধ্যে দেশের ভেতরে ও বাইরে ১০ প্রজাতির মাছের ভালো বাজার আছে। দেশের উপকূলীয় সমুদ্রে এখন পর্যন্ত ৪৭৭ প্রজাতির মাছের উপস্থিতি পাওয়া গেছে। তবে কোন এলাকায় কোন ধরনের মাছের প্রাপ্যতা বেশি, জরিপে তা জানা যাবে। প্রাথমিক জরিপে ৯১ প্রজাতির সামুদ্রিক মাছের প্রকৃতি ও ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এ বি এম আনোয়ারুল ইসলাম আরও জানান, আগামীকাল থেকে ১০ দিন ধরে জরিপটি চলবে। ধারাবাহিকভাবে ওই জরিপের মাধ্যমে সামুদ্রিক মাছের মজুত সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা সংগ্রহ ব্যবস্থাপনার একটি পরিকল্পনা তৈরি করা হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান বলেন, নতুন সীমানা জয়ের মাধ্যমে মাছের আহরণ বছরে ৬ লাখ টন থেকে ৬০ লাখ টনে উত্তীর্ণ করা সম্ভব। সেই লক্ষ্য সামনে রেখে কাজ করতে হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ওয়ার্ল্ড ফিশের দলনেতা আবদুল ওয়াহাব বলেন, সমুদ্রসীমায় মৎস্যসম্পদের ওপর জরিপের মাধ্যমে বাংলাদেশ সম্পদের এক নতুন ভান্ডার উন্মোচিত করতে যাচ্ছে। সেই স্বপ্নের পথ ধরে বাংলাদেশ মাছ উৎপাদনে একদিন স্বয়ংসম্পূর্ণ তো হবেই, বিশ্ববাজারে মাছ রপ্তানিকারক দেশে পরিণত হবে।