প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ সেন্ট মার্টিন থেকে সমুদ্রে ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক এলাকায় স্বাধীনভাবে মত্স্য, খনিজ ও প্রাকৃতিক সম্পদ আহরণের স্বাধীনতা অর্জন করেছে। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি বিষয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এক অনির্ধারিত বক্তব্যে তিনি এ কথা বলেন।সমুদ্রজয়ের দিনকে আনন্দের দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিষ্পত্তি নিয়ে মামলার রায় হবে ২০১৪ সালে। জনগণ ভবিষ্যতে আবার তাঁদের সুযোগ দিলে তাঁরা আজকের মতো জাতিকে আরও একটি সুখবর এনে দিতে পারবেন।দীর্ঘদিনের এ বিরোধ আন্তর্জাতিক আদালতে শান্তিপূর্ণভাবে সমাধান হওয়ায় মিয়ানমারকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি মিয়ানমারের জন্যও একটি বিজয়। এর মাধ্যমে একটি উদাহরণ প্রতিষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌ, বিমান ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সব ধরনের প্রস্তুতি নিয়েই আমরা সমুদ্রসীমা বিষয়ে আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হয়েছি। সংশ্লিষ্ট মহলের আন্তরিকতায় কাজটি দুই বছরে করা সম্ভব হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের ভৌগোলিক আয়তনের চেয়েও বেশি জায়গার সমুদ্রসীমা দাবি করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই এটি সম্ভব হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যারা ভোট দিয়েছে তাদেরসহ দেশের সব জনগণকেই আমি ধন্যবাদ দিতে চাই। এটি আনন্দের দিন। শত্রু-মিত্র সবার জন্যই আনন্দের দিন।’