সমুদ্রের সঠিক ব্যবহার করা গেলে প্রতিবেশীরা সহজেই আকৃষ্ট হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের সমুদ্রকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে চীন, ভারত, নেপালসহ প্রতিবেশীরা বাংলাদেশের প্রতি সহজেই আকৃষ্ট হবে। আমাদের দেশের উন্নয়নের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করলে এ অঞ্চলকে অর্থনীতির স্বর্ণদ্বারে পরিণত করা সম্ভব হবে।’গত শনিবার রাতে চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের পুরো ভবিষ্যৎ নির্ভর করছে চট্টগ্রামের ওপর। চট্টগ্রাম বদলালে দেশ বদলাবে। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘বিভিন্ন সময় বিভক্তি থাকলেও বাঙালিরা ঐক্যের মহামিলন ঘটাতে পারে, সেটা অনেকবার প্রমাণিত হয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে অনেক সমস্যা আছে। আমাদের তা নেই। সঠিক পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হলে আমাদের দেশ বদলে যাবে।’চট্টগ্রাম ক্লাবের মাঠে আয়োজিত সমাবেশে আরও বক্তৃতা করেন দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক, বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি মুহাম্মদ সিকান্দর খান, চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি আলী আহমেদ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ও দৈনিক আজাদীর সহকারী সম্পাদক অরুণ দাশগুপ্ত। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মেয়র, ওয়ার্ড কাউন্সিলরসহ জনপ্রতিনিধি ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস সংবাদপত্র সম্পর্কে বলেন, যেকোনো সংবাদপত্রের একটি লক্ষ্য থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্য সংবাদপত্রে উপাদান থাকতে হবে। কারণ তরুণেরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি নজর দিতে সংবাদপত্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবাদপত্রের কাজ স্বপ্ন সৃষ্টি করা। স্বপ্নবিহীন কোনো কাগজকে পূর্ণাঙ্গ সংবাদপত্র বলা যায় না।