সমৃদ্ধ দেশ গড়ায় অংশ নিতে রাষ্ট্রপতির আহ্বান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠনে অংশ নিতে দলমত-নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। বঙ্গবন্ধুর ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত এ আলোচনা সভার আয়োজন করে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি। খবর বাসসের।
বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাংসদ ফারুক খান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।