সমৃদ্ধ দেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি আর রাজনৈতিক অস্থিরতাকে দূরে ঠেলে সমৃদ্ধ দেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী, অভিষেক ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ প্রত্যয়ের কথা উচ্চারণ করেন তাঁরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ছিল দিনব্যাপী নানা আয়োজন। সকালে টিএসসি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এরপর শুরু হয় স্মৃতিচারণার পালা। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের বর্ণিল দিনগুলোর স্মৃতি রোমন্থন করেন।অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করে বিভাগের অ্যালামনাই, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাংসদ আব্দুল জলিল বলেন, দেশে গণতন্ত্রের চর্চা নেই। নেই পারস্পরিক শ্রদ্ধাবোধ। জনগণের স্বার্থে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন বলেন, সরকার ও বিরোধী দলকে একে অপরের প্রতি সহনশীল হতে হবে।অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি গোলাম মর্তূজা, বিভাগের চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোল্লা, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আলম প্রমুখ বক্তব্য দেন। সম্মাননা পাওয়া অন্য চারজন হলেন: সাবেক কমনওয়েলথ সেক্রেটারি এম মোখাম্মেল হক, সাবেক রাষ্ট্রদূত মো. ফয়জুর রহমান চৌধুরী, টিআইবির ট্রাস্টি এম হাফিজউদ্দিন খান ও কৃতী খেলোয়াড় এ এস এম রকিবুল হাসান।