
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার বীর যোদ্ধারা দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি মহান ও সমৃদ্ধ দেশ হিসেবে আবির্ভূত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক সংবর্ধনায় এ কথা বলেন।
ভারতের ২৯ জন এবং রাশিয়ার পাঁচজন যোদ্ধা সস্ত্রীক বাংলাদেশের ৪৬তম বিজয় উৎসবে যোগ দিতে ঢাকায় এসেছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘৪৫ বছর আগে আপনাদের অবদানের কথা আমরা সব সময় স্মরণ করি। যে ত্যাগ স্বীকার আপনারা করেছেন, আমাদের জনগণ তা সব সময় মনে রাখবে।’
অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিদলের নেতা লে. জেনারেল (অব.) জি এস সিহোতা, রুশ প্রতিনিধিদলের নেতা কজুরিন ভিক্টর, ভারতের বীর যোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ভানোত মদন মোহন, এয়ার কমোডর (অব.) চন্দ্র মোহন সিংলা এবং ভাইস অ্যাডমিরাল (অব.) রমন প্রেম সুথানও বক্তৃতা করেন। তাঁরা আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের ব্যাপক পরিবর্তনের প্রশংসা করেন এবং বিশ্ব সম্প্রদায়ের মধ্যে একটি বিজয়ী ও মর্যাদাশীল জাতি হিসেবে এ দেশ ও জনগণের সার্বিক সাফল্য কামনা করেন।
বাংলাদেশে যুদ্ধের দিনগুলো স্মরণ করে ভারতীয় প্রতিনিধিদলের প্রধান জি এস সিহোতা বলেন, আজ যখন তাঁরা বাংলাদেশে পৌঁছান, তখন তাঁরা পরিবর্তিত দেশ দেখতে পেয়েছেন।