সমৃদ্ধ বাংলাদেশ ভারতের জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য: দোরাইস্বামী
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, শক্তিশালী, স্থিতিশীল, সমৃদ্ধিশালী ও বিকশিত বাংলাদেশ ভারতের মৌলিক জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য। বাংলাদেশের সাফল্য ভারতের জন্য সবচেয়ে মঙ্গলের। এ নিয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়।
আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক নিয়ে বিক্রম দোরাইস্বামী এই মন্তব্য করেন।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বন্ধুত্ব সব সময় পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে গড়ে ওঠে। কখনো কখনো আমি ও আমার সহকর্মীদের আমাদের সম্পর্ক নিয়ে অবিশ্বাস লক্ষ করি। শক্তিশালী, স্থিতিশীল, সমৃদ্ধিশালী ও বিকশিত বাংলাদেশ আমাদের মৌলিক জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য।’
দুই দেশের সম্পর্ক নিয়ে অবিশ্বাস প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অবিশ্বাস আছে। কিন্তু তা থেকে বের হয়ে এসে দুই দেশ একে অপরকে সহযোগিতা করলে উভয়েরই উপকার হবে বলে মনে করেন তিনি।
চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার দরুন দুই দেশের সম্পর্কে অবিশ্বাস তৈরি হয়েছে কি না, তা জানতে চাইলে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে চীনের ভালো সম্পর্কে ভারতের কিছু আসে-যায় না। অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনুমান করা আমার কাজ না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, তা নিয়ে কাজ করতে আমি এখানে এসেছি।’
‘বড় ভাইসুলভ আচরণ করে না’
ভারত বাংলাদেশের সঙ্গে দাদাগিরি বা বড় ভাইসুলভ আচরণ করে, অনেকের এমন ধারণার বিষয়ে জানতে চাইলে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘আমরা সব বাংলাদেশির উন্নয়নে বিশ্বাস করি । দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বাড়তে আমরা ভিসা প্রক্রিয়া সহজতর করেছি। ভিসা ইস্যুতে চেষ্টা করছি, সর্বোচ্চ পর্যায়ের সেবা দিতে। প্রতিদিন ১ হাজার ৬০০ বাংলাদেশিকে ভারতের ভিসা দেওয়া হয়। দুই দেশের ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটকসহ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ইতিবাচক যোগাযোগ রয়েছে। তারপরও মানুষ কেন এমন কথা বলে, তা আমার বোধগম্য নয়।’
বিক্রম দোরাইস্বামী বলেন, ‘সৎভাবে বলতে চাই যে এমন কিছু ধারণা করাও ঠিক না, কেননা বাংলাদেশ একটি বড় দেশ। এমন চিন্তা করার কোনো কারণই নেই। এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রধান বিষয় হচ্ছে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতের পররাষ্ট্রনীতিতেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। তাই ভারত বাংলাদেশের সঙ্গে বড় ভাইসুলভ আচরণ করে, এমনটা ভাবার কোনো কারণ নেই।’
মোদির সফরের অগ্রাধিকার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে অগ্রাধিকারে কোন কোন বিষয়ে থাকবে, তা জানতে চাইলে বিক্রম দোরাইস্বামী বলেন, দুই নিকট প্রতিবেশীর বন্ধুত্ব সুসংহত করে আগামী ৫০ বছরে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দিকনির্দেশনার ওপর জোর দেওয়া হবে।
ভারতের হাইকমিশনার জানান, আগামী মার্চে দুই শীর্ষ নেতার আলোচনায় ঐতিহাসিক উপাদান, দুই দেশের সরকারি পর্যায়ে সহযোগিতা, জ্বালানি ও উন্নয়ন প্রকল্পের বিষয়গুলোর পাশাপাশি সম্পর্কের পর্যালোচনা হবে।
তিস্তা চুক্তি দ্রুত হচ্ছে না ইঙ্গিত করে তিনি বলেন, যেকোনো ধরনের আন্তরাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে ভারতের রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। ভারতের কেন্দ্রীয় সরকার এর সঙ্গে জড়িত সবার সঙ্গে আলোচনা করছে। এ ছাড়া অন্য ছয়টি নদীর তথ্য-উপাত্ত বিনিময় হয়েছে। এই তথ্য সমন্বয় হওয়ার পর চুক্তির বিষয়ে দুই দেশ অনেকটা এগিয়ে যাবে।
বাংলাদেশের সেনাবাহিনীর জন্য কোভিড-১৯ টিকা উপহার হিসেবে দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘আমরা এটির জন্য প্রস্তাব করেছি এবং বাংলাদেশের সম্মতির জন্য অপেক্ষা করছি। বাংলাদেশ এই টিকা নিলে আমরা খুশি হব।’
রোহিঙ্গা সংকট ও রামপাল প্রসঙ্গ
ভারত চলতি বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারতের ভূমিকা কী হবে, জানতে চাইলে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারত তার দুই প্রতিবেশী বাংলাদেশ ও মিয়ানমারের প্রতি আস্থাশীল। এই দুই প্রতিবেশীকে সংকট থেকে উত্তরণের জন্য ভারত সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। জটিল এই সমস্যার সমাধানের জন্য ভারত নিরাপত্তা পরিষদে ফলপ্রসূ উদ্যোগ নেবে। ভারতের মূল লক্ষ্য হচ্ছে, মিয়ানমারের বাস্তুচ্যুত জনগোষ্ঠী যাতে বাংলাদেশ থেকে রাখাইনে তাদের আদি নিবাসে ফিরে যেতে পারে, সে জন্য সহায়ক পরিবেশ তৈরি করা।’
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে হালনাগাদ তথ্য সম্পর্কে হাইকমিশনার বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ রামপাল প্রকল্প উন্নয়নে প্রভাব ফেলেছে। এরই মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে সময় আমরা ঠিক করেছিলাম, তার কয়েক মাস নষ্ট হয়েছে। এ সময়ের মধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম বিদ্যুৎ উৎপাদন লাইন চালু হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। সর্বশেষ গত জানুয়ারিতে প্রকল্প এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেনেছি, আগামী ডিসেম্বরের মধ্যে প্রথম বিদ্যুৎ উৎপাদন লাইন চালু করা সম্ভব হবে।’
ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিকাব) সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন।