
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ তার সমৃদ্ধি ও অগ্রগ্রতির ক্ষেত্রে চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পেতে চায়। চীনের কুনমিংয়ের হাইগেং কনফারেন্স সেন্টারে গতকাল শনিবার সকালে নবম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের৷
প্রধানমন্ত্রী চীনের ব্যবসায়ী, বাণিজ্য ও শিল্প নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমি আশা করি, আপনারা বাংলাদেশে ব্যবসার জন্য নিশ্চিতভাবেই আকর্ষণীয় পরিবেশ ও সুযোগ-সুবিধা পাবেন।’ এ পরিপ্রেক্ষিতে প্রথমেই তিনি বিনিয়োগের বাস্তব পরিস্থিতি তাঁদের কাছে তুলে ধরেন। একই সঙ্গে তিনি তাঁদের কাছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে উদার বিনিয়োগ নীতির কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামিল আহমেদ, সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা, সার্ক চেম্বার অব কমার্স অ৵ান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইসমাইল আসিফ, চায়না কাউন্সিল ফর প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের চেয়ারম্যান জায়াং চেংওয়ে, ইউনান প্রদেশের কমিটি অব পিপলস কংগ্রেসের সেক্রেটারি কিন গুয়াংরং বক্তব্য দেন।
অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ সার্কভুক্ত বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রী এবং চীন, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের বিভিন্ন বাণিজ্য সংস্থার নেতারা অংশ নেন।
শেখ হাসিনা বলেন, চীনা বিনিয়োগকারীরা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও বিল্ড-ওন-অপারেট-ট্রান্সফার (বুট) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর, জলপথ, সড়ক ও মহাসড়ক নির্মাণের মতো বাংলাদেশের বিশেষ বিনিয়োগ কর্মসূচিতে আগ্রহ খঁুজে পেতে পারেন। তিনি বলেন, বাংলাদেশ এখন জাহাজ থেকে শুরু করে সস্তা পণ্য পর্যন্ত উৎপাদন করছে।
বাংলাদেশের এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে পৃথক অর্থনীতি ও শিল্পাঞ্চল বরাদ্দের বিষয়টি বিবেচনা করছে। এ ছাড়া বাংলাদেশে সাতটি বিশেষ অর্থনৈতিক এলাকা গঠন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কুনমিং ও ইউনান প্রদেশের নৈকট্য বিশেষ অবস্থান তৈরি করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উদার বৈদেশিক নীতি, সহনীয় ঋণ হার, সংগতিপূর্ণ মজুরিতে তরুণ শ্রমিকের পর্যাপ্ততার কারণে প্রতিবছরই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ছে। তিনি বলেন, সড়ক, সেতু, মহাসড়ক, নগর পরিবহনসহ বিদ্যুৎ উৎপাদনের মতো অবকাঠামো নির্মাণে চীনের সহায়তা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের অন্যতম এবং আমদানির সবচেয়ে বড় উৎস দেশ।
প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে হলে শুল্কমুক্ত সুবিধায় আরও বাংলাদেশি পণ্য চীনের বাজারে প্রবেশ করতে দেওয়া উচিত। বাংলাদেশ থেকে আরও তৈরি পোশাক, ওষুধ, হস্তশিল্প, সিরামিক, চামড়াজাত পণ্য ও মৎস্য চীনের আমদানি করা প্রয়োজন। বাংলাদেশে চীনের উদ্যোক্তারা আরও বিনিয়োগ করে বাণিজ্য ঘাটতি হ্রাসে সাহায্য করতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, ফার্মাসিউটিক্যাল, পেট্রোকেমিক্যাল, জাহাজ তৈরি, কৃষিভিত্তিক শিল্প, টেক্সটাইল, সিরামিক, চামড়া, পর্যটন, ম্যানুফ্যাকচারিং, আইসিটি, মানবসম্পদের প্রশিক্ষণ ও উন্নয়নসহ আকর্ষণীয় ভ্যালু অ্যাডেড খাতে চীন বিনিয়োগ করতে পারে। তিনি বলেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের প্রায় তিন বিলিয়ন ভোক্তার বিশাল বাজারে পণ্য জোগাতে পারে।