সমৃদ্ধির জন্য আঞ্চলিক সমন্বয়ের ওপর জোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অতীতে এ অঞ্চলের দেশগুলো যুক্ত থাকলেও এ মুহূর্তে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অবকাঠামো ও অর্থনীতি মোটেই সংযুক্ত নয়। অথচ এ অঞ্চলে সংযুক্তির মাধ্যমে সমৃদ্ধির সম্ভাবনা বিপুল। তাই সবার অংশগ্রহণে সমৃদ্ধির স্বার্থে যোগাযোগ, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে এ আঞ্চলিক সমন্বয় অপরিহার্য।
গতকাল বুধবার কলকাতায় ভারতের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর সংযুক্তি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে বক্তারা এই মত দিয়েছেন। কলকাতায় মার্কিন কনস্যুলেট, কাটস ইন্টারন্যাশনাল, ইস্ট ওয়েস্ট সেন্টার ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সহযোগিতায় ‘ইন্দো-এশিয়া কানেকটিভিটি ফর শেয়ারড প্রসপারিটি’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করেছে।
কলকাতার গ্র্যান্ড ওবেরয় হোটেলে শুরু হওয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বার্মা বলেন, যোগাযোগ, বিদ্যুতের সংযোগের পাশাপাশি মানুষে মানুষে যোগাযোগ দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তবাণিজ্য ২ হাজার ৮০০ কোটি ডলার থেকে বেড়ে ১০ হাজার কোটি ডলার হলেও এ অঞ্চলের দেশগুলোর অর্থনীতি মোটেই সমন্বিত নয়। অতীতে গ্র্যান্ড ট্রাংক রোডে কলকাতা থেকে কাবুল দেড় হাজার কিলোমিটারের মাধ্যমে সংযোগ গড়ে তুলেছিল। একুশ শতকের গ্র্যান্ড ট্রাংক রোডের পরিকল্পনায় অভিন্ন মূল্যবোধ, অবকাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে সবার অংশগ্রহণে সমৃদ্ধি নিশ্চিত হবে।
রিচার্ড বার্মা এ অঞ্চলের সমৃদ্ধির স্বার্থে তথ্যপ্রযুক্তিতে সংযোগের পাশাপাশি মূল্যবোধ ও পরিচয়ের সংযোগের ওপরও জোর দেন। তাঁর মতে, এ অঞ্চলের বিপুল তরুণ জনগোষ্ঠী এবং তাদের উদ্ভাবনী ও উদ্যোক্তা হিসেবে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা এখানকার সম্ভাবনাকে তুলে ধরে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমুন্নয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিউর রহমান বলেন, এ অঞ্চলের দেশগুলোর জন্য চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি সুযোগও আছে। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে গঠিত বিবিআইএন ও বিমসটেকের প্রসঙ্গ টানেন। তাঁর মতে, এ অঞ্চলের দেশগুলোর সামুদ্রিক ও নৌপথে সংযুক্তিতে যথেষ্ট ঘাটতি আছে। তবে যোগাযাগব্যবস্থায় সমন্বয়ের পাশাপাশি সমৃদ্ধির স্বার্থে আর্থিক সংযোগ জরুরি।
স্বাগত বক্তৃতায় কলকাতায় মার্কিন কনসাল জেনারেল ক্রেইগ হল বলেন, এশিয়ার সঙ্গে ভারতের অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে সমন্বিত যোগাযোগের কথা বিবেচনায় নিয়ে এই সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৫ সালের মার্চে প্রথম সম্মেলনের আয়োজন করা হয়।
কাটস ইন্টারন্যাশনালের মহাসচিব প্রদীপ এস মেহতা সম্মেলন আয়োজনের প্রেক্ষাপট প্রসঙ্গে বলেন, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের সুফল ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাইরে পৌঁছে দিতে চায় দুই দেশ। তাই যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সংযোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কারণ সমন্বিত সংযোগ বিনিয়োগ আকৃষ্ট করে সমৃদ্ধির সুযোগ তৈরি করবে।
নির্বাহী পরিচালক বিপুল চ্যাটার্জির সঞ্চালনায় চারটি কর্ম অধিবেশনের ধারণাপত্র উপস্থাপন করা হয়। ইস্ট ওয়েস্ট সেন্টারের পরিচালক সাতু লিমাই ‘সামুদ্রিক ও অভ্যন্তরীণ নৌপথের সংযুক্তি’, ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক করিম ‘জ্বালানি সহযোগিতা’, এডিবির সাবেক ব্যবস্থাপনা মহাপরিচালক রজত নাগ ‘ব্যবসা ও বাণিজ্যের সুযোগ বিকাশ’ এবং আইসিসির মহাপরিচালক রাজীব সিং ‘বঙ্গোপসাগরীয় ফোরাম’ শীর্ষক আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেন।
আজ বৃহস্পতিবার চারটি কর্ম অধিবেশনে আলোচনা ও সুপারিশ প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে দুই দিনের এই সম্মেলন শেষ হবে।