সমৃদ্ধির জন্য যোগাযোগ কৌশল গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
সব দেশ ও সমাজের মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে নিরাপদ যোগাযোগব্যবস্থাকে কৌশলগত সুযোগ হিসেবে কাজে লাগাতে এশিয়া-ইউরোপ বৈঠকে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার ১১তম আসেমের প্লেনারি অধিবেশনে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ এখন আর কোনো একক দেশের বিষয় নয়। বর্তমানে যোগাযোগব্যবস্থা সবার জন্য কৌশলগত সম্ভাবনা ও সুযোগে পরিণত হয়েছে।
‘আসেমের ২০ বছর: যোগাযোগের মাধ্যমে আগামী দিনের অংশীদারত্ব’ শীর্ষক প্রতিপাদ্যের এই অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, টেকসই, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে যোগাযোগকাঠামোর রূপরেখা কী হবে, তা তৈরি করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী দুই দিনব্যাপী এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গোলিয়ায় পৌঁছান। তিনি সাঙ্গরি-লা হোটেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট তাজখিয়াজিন এ্যালবেগদোরজ তাঁকে স্বাগত জানান।
শেখ হাসিনা বলেন, ‘আজ আসেমের দেশগুলো নতুন প্রবৃদ্ধির কেন্দ্র ও সংযোগস্থলে পরিণত হচ্ছে। দীর্ঘদিনের পরিচিত বাণিজ্য ও শিল্প অংশীদারেরা এখন নতুনদের জন্য পথ করে দিচ্ছে। আমাদের অর্থনীতিতে উৎপাদন ও সেবা খাতে ধারাবাহিক ও দায়িত্বশীল বাণিজ্য ব্যবস্থাপনা গড়ে উঠছে এবং পারস্পরিক আঞ্চলিক কর্মকাণ্ডে আঞ্চলিক ও বৈশ্বিক পণ্য বিপণন ব্যবস্থাপনাও (সাপ্লাইচেইন) সম্প্রসারিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, যথাযথ মান এবং সংহতি, বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সমতার মতো নীতির ভিত্তিতেই সব উন্নয়ন উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন,‘ যোগাযোগ সংযোগের ফলে বিপুল সুযোগ সৃষ্টি হবে এবং জনগণের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটবে। আরও সক্ষমতা ও নতুন অংশীদারত্বের জন্য আমাদের গুরুত্বের সঙ্গে সম্পদের অনুসন্ধান করা প্রয়োজন।’