সম্পত্তি আত্মসাতের জন্য ছোট ভাই হত্যা করেছে তালেবকে
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী আবু তালেবের স্ত্রী আসমা বেগম অভিযোগ করেছেন, সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ছোট ভাই আবুল কাশেম হত্যা করেছেন তালবকে। এখন তাঁকে ও তাঁর তিন মেয়েকে হত্যা করার হুমকি দিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।লিখিত বক্তব্যে আসমা বেগম বলেন, ২০০৯ সালের ১২ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে তাঁর স্বামী আবু তালেবকে। আবুল কাশেম নিহত আবু তালেবের ছোট ভাই। তালেবের মৃত্যুর পর কাশেম ব্যবসায়িক কাজের কথা বলে সম্পত্তির দলিলে তাঁর স্বাক্ষর নেন। একপর্যায়ে ওই দলিলের মাধ্যমে চারটি কারখানা ও একটি জাহাজের ৪০ ভাগ অংশীদার বলে দাবি করেন তিনি। দলিলটি ভুয়া ও জাল প্রমাণিত হওয়ায় আদালত তা বাতিল করে দেন। গত ৬ মার্চ পুলিশ আবু তালেবের ভাগনে হাবিবকে গ্রেপ্তার করে। হাবিব পুলিশকে জানান, আবুল কাশেমই এই হত্যাকাণ্ডের মূল হোতা। এর পর থেকে কাশেম তাঁকে এবং তাঁর তিন মেয়েকে হত্যার হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে আসমা বেগম তাঁদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি আবেদন জানান।