সম্পত্তি ও পুকুরের তত্ত্বাবধান ফিরে পেল বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা উচ্চবিদ্যালয় সম্পত্তি ও পুকুরের ভোগদখলসহ তত্ত্বাবধান ফিরে পেয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিশেষ সভায় বিদ্যালয়ের ৭৩ শতাংশ পুকুর এখন থেকে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে মাছের চাষ করা হবে এবং পুকুরের বর্তমান যে মাছ আছে তাও বিদ্যালয় বিক্রি করে কাজে লাগাবে বলে সিদ্ধান্ত হয়। অপরদিকে বিদ্যালয়ের ৪২ বিঘা ধানি জমিও প্রধান শিক্ষক ইজারা ও পত্তন রাখবেন। এর আগে প্রধান শিক্ষককে পাশ কাটিয়ে সভাপতির একক সিদ্ধান্তে ওই সম্পত্তির ইজারা দেওয়া হতো। ৭ সেপ্টেম্বর ‘বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করলেন আওয়ামী লীগ নেতা’—শীর্ষক প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে আলোচনার ঝড় ওঠে।