সম্পত্তি চাওয়ায় নির্যাতন!
সম্পত্তির ভাগ চাওয়ায় গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয় তাঁর শরীর। শুধু তা-ই নয়, রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় তাঁকে। এভাবেই ছোট ভাইয়ের হাতে বড় বোন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বগুড়ার শেরপুরের গোসাইবাড়ী গ্রামে গত ৩১ মার্চ এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার বড় বোনের নাম গোলেনুর বিবি (৪০)। তিনি একই গ্রামের শাহজাহান আলীর স্ত্রী। ছোট ভাই গোলাম মোস্তফা গোলেনুরের ওপর এভাবে নির্যাতন চালান বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি এখন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।গত শুক্রবার সাধীন গোলেনুর অভিযোগ করেন, প্রায় ১০ বছর আগে তাঁর বাবা মারা গেছেন। তাই গত ৩০ মার্চ গোলাম মোস্তফার কাছে বাবার সম্পত্তির ভাগ চান গোলেনুর। এ ঘটনার জের ধরে পরদিন সকাল নয়টায় তাঁর ভাই তাঁদের বাড়িতে এসে দরজা বন্ধ করে দেন। তিনি তখন রান্নাঘরে ছিলেন। একপর্যায়ে তাঁর ভাই চুলায় থাকা তরকারির গরম পানি তাঁর শরীরে ঢেলে দেন। এরপর লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় গোলেনুরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁর ভাই চলে যান। শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান গোলেনুর।বোনকে নির্যাতনের কথা স্বীকার করে গোলাম মোস্তফা বলেন, ‘সম্পত্তির কারণে নয়, অন্য কারণে ওকে নির্যাতন করেছি।’ কারণ জানতে চাইলে তিনি তা জানাতে রাজি হননি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক সা কর্মকর্তা আমিরুল ইসলাম চৌধুরী জানান, গরম পানিতে গোলেনুরের গলা ও ঘাড়ের কিছু অংশ ঝলসে গেছে। এ ছাড়া রডের মতো শক্ত কিছু দিয়ে আঘাত করায় তাঁর শরীরের একাধিক স্থান ফুলে গেছে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।