সম্পত্তি বিক্রি না করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সরকারি সম্পত্তি বিক্রি না করে সেগুলোকে উত্পাদনমুখী কাজে ব্যবহারের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়।


কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, ফাহমী গোলন্দাজ বাবেল, মো. এনামুর রহমান ও সাবিনা আক্তার অংশগ্রহণ করেন। খবর বাসসের।


বৈঠকে বিটিএমসির কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বিটিএমসির কার্যক্রমের অংশীদার বেসরকারি টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়।


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি ব্যাপকভিত্তিক জরিপ কার্যক্রম পরিচালনার সুপারিশ করে স্থায়ী কমিটি। বৈঠকে বিটিএমসিকে সচল রাখার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রণালয়ের প্রতি পরামর্শ দেওয়া হয়।