সম্পত্তি রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের জমি, কয়েকটি ভবন ও খেলার মাঠ রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে তাঁরা জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রচারপত্র বিলি করেন।
সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। পরে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসকে তাঁদের দাবি-সংবলিত প্রচারপত্র দেন শিক্ষার্থীরা।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খানের উদ্যোগে জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় মানিকগঞ্জ মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৭-৭৮ সালে সরকারের কাছ থেকে কলেজের পাশে ২৮১ শতক জমি ইজারা নিয়ে সেখানে কয়েকটি ভবন ও মাঠসহ চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। ১৯৮৫ সালে কলেজটি সরকারি করা হয়।
কলেজের প্রতিষ্ঠাতা ও একাধিক শিক্ষকের ভাষ্য অনুযায়ী, ওই ২৮১ শতক জমি প্রবীর কুমার চৌধুরী ও বিকাশ চৌধুরী নামের দুই ব্যক্তি জাল ওয়ারিশ সনদ তৈরি করে জেলার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মামলা করে। মামলায় তাঁদের পক্ষে রায় হয়। গত বছর জেলা প্রশাসন ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।
প্রবীর কুমার চৌধুরী বলেন, ওই জমির মালিক বলরাম বসাক ও বিজয় চন্দ্র বসাক ছিলেন তাঁর বাবা যশোদা লাল বসাকের আপন দুই মামা। জমির বৈধ ওয়ারিশ হওয়ায় আদালত তাঁদের দুই ভাইয়ের পক্ষে রায় দিয়েছেন।