সম্পত্তিতে সমান অধিকার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন’—এ স্লোগান সামনে রেখে বৃহত্তর রাজশাহী ও রংপুরের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এসব অণুষ্ঠানে বক্তারা সম্পত্তিতে নারীর সমান অধিকার দাবি করেন। আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া: সকালে শোভাযাত্রা শেষে সরকারি আজিজুল হক কলেজের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় ছাত্রী সমাবেশ। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় অ্যাকটিভ সিটিজেন ও ইয়ুথ এন্ডিং হাঙ্গারের আয়োজনে মুক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো. সামস্-উল আলম। কলেজের বেগম রোকেয়া ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক শরিফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপাধ্যক্ষ শিরিনা এনাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তৌফিক সিদ্দিকী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম সোলাইমান হোসেন, অ্যাকটিভ সিটিজেন বগুড়া জেলা সমন্বয়ক শামসাদ মুর্শিদা প্রমুখ।

জয়পুরহাট: জেলা প্রশাসন ও জয়পুরহাট পৌরসভা শহরে শোভাযাত্রা বের করে। শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম। বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুর রহিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা উমা রানী দাস প্রমুখ। পৌর মিলনায়তনে পৃথক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আবদুল আজিজ মোল্লা।

আদমদীঘি (বগুড়া):সকাল সাড়ে নয়টায় নওগাঁ জেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। জেলা প্রশাসক এনামুল হক এতে সভাপতিত্ব করেন।

সিরাজগঞ্জ: জেলা প্রশাসন ও মহিলা দপ্তরের আয়োজনে কালেক্টরেট ভবন থেকে সকালে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সেলিনা বেগম।

নাটোর: সকালে মহিলা পরিষদ এবং সনাকের আয়োজনে শহরের নববিধান বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ফেরদৌস নিলুফার, মহিলা পরিষদের সভানেত্রী নাসিমা বানু প্রমুখ।

দিনাজপুর: সকালে দিনাজপুর ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা বের হয়। এ ছাড়া মহিলা পরিষদ, পল্লীশ্রী, এলজিইডি, প্ল্যান বাংলাদেশ, এসইউপিকে, এমবিএসকে, দিনাজপুর পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পৃথক কর্মসূচি পালন করে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।

গাইবান্ধা: সকালে প্রথম আলো বন্ধুসভা, জাতীয় নারী জোট গাইবান্ধা জেলা শাখা, গাইবান্ধা পৌরসভা, বেসরকারি সংগঠন অবলম্বন, জনউদ্যোগ এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এবং স্বেচ্ছাসেবী সংগঠন গণ-উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী: সকালে জেলা প্রশাসক জাকীর হোসেনের নেতৃত্বে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেয়। পরে একটি শোভাযাত্রা বের হয় এবং স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।