সম্পত্তিতে সমান অধিকার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় গতকাল পৌরসভার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর ভবন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় গতকাল পৌরসভার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর ভবন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন l ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক নারী দিবসে গতকাল রোববার দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’। যশোরের অনুষ্ঠানে সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকারের দাবি জানানো হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরাইয়া শরীফ। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, প্রবীণ রাজনীতিক কাজী আবদুস শহীদ প্রমুখ। বিশ্বের নারীদের কল্যাণ কামনায় সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এ সময় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশন করা হয়।
সাতক্ষীরা: সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা হয়। মহিলাবিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জির সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুল আহসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিলারা বেগম, পৌরসভার মেয়র এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আবদুল হামিদ প্রমুখ।

বরগুনা: সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে এটি শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক শওগাতুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মোল্লা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনে আরা প্রমুখ। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর দিনব্যাপী নারী তথ্য মেলার আয়োজন করে।

পাথরঘাটা (বরগুনা): সকালে পাথরঘাটা উপজেলা প্রশাসনের শোভাযাত্রায় কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী ও পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেয়। হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা হয়।

ফরিদপুর: জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এ ছাড়া ফরিদপুর পৌরসভা ও জেলা মহিলা দল পৃথক শোভাযাত্রা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করে।

রাজবাড়ী: সকাল সাড়ে নয়টায় সুশাসনের জন্য প্রচারাভিযান—সুপ্রর রাজবাড়ী কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়। রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মঠবাড়িয়া (পিরোজপুর): সকালে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার লোকজন অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়।

বাগেরহাট: সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীরা অংশ নেন। পরে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসিলাহা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমসহ কয়েকজন। বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে
নাগরিক ফোরামের কো-চেয়ারপারসন শরীফা খানমের সভাপতিত্বে গোলটেবিল বৈঠক হয়।

পটুয়াখালী: সকাল নয়টায় জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিপ্তরের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা প্রশাসক অমিতাভ সরকার।