সম্পত্তির জন্য দাদাকে পিটিয়ে মেরেছে নাতি
ফেনীতে সম্পত্তির জন্য আবদুস ছাত্তার (৭৫) নামের একজনকে নির্মমভাবে পিটিয়ে মেরেছেন তাঁর নাতি নুর নবী (২৫)। গতকাল শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দক্ষিণখানের মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দক্ষিণখানে মাস্টারপাড়ায় গতকাল সকালে সম্পত্তিসংক্রান্ত পারিবারিক কলহের জের ধরে আবদুস ছাত্তার নামের এক বৃদ্ধকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন তাঁর নাতি নুর নবী। মুমূর্ষু অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।এলাকাবাসী জানান, আবদুস ছাত্তার তাঁর কিছু জমি আদর করে জসিম নামের এক নাতিকে দান করেছেন। এতে বৃদ্ধের ছেলে আবদুর রশিদ ও অপর নাতি নুর নবীসহ পরিবারের অন্যরা ক্ষিপ্ত হন। এ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে গত বৃহস্পতিবার রাতে বৃদ্ধ আবদুস ছাত্তারের ছেলে আবদুর রশিদ প্রথমে তাঁকে মারধর করেন। গতকাল সকালে আবদুর রশিদের ছেলে নুর নবী বৃদ্ধ দাদাকে আবারও বেধড়ক লাঠিপেটা করেন। ঘটনার পর থেকে নুর নবী পলাতক। ফেনী মডেল থানার উপপরিদর্শক ইকবাল বাহার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃদ্ধের অপর নাতি মো. জসিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।