সম্পত্তির জন্য বৃদ্ধকে পিটিয়ে জখম
চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলায় সম্পত্তির জন্য ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে জখম করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বাকিলা গ্রামের বেপারী বাড়ির আবুল হোসেন ও তাঁর তিন ছেলে মিলে তাঁর বাবা ছেরাজুল হক বেপারী (৮০) ও ভাই আবুল খায়েরকে (৫০) জখম করেন। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন। এ ঘটনায় ছেরাজুল হক বেপারী শুক্রবার বিকেলে তাঁর ছেলে আবুল হোসেন ও তিন নাতি আবু বকর ছিদ্দিক, আরাফাত হোসেন ও মুরাদ হোসেনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ছেরাজুল হক বেপারী হাসপাতালের বিছানায় শুয়ে বলেন, ‘আমার ছয় ছেলে ও দুই মেয়ে। প্রায় চার একর সম্পত্তি রয়েছে। কয়েক বছর ধরে আমার ছেলে আবুল হোসেন ও নাতিরা ওই সম্পত্তি তাঁদের নামে লিখে দেওয়ার জন্য আমাকে মারধর করেছেন।’ হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. কুতুব উদ্দিন বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে বাবাকে দেখতে আসা আবুল কালাম বলেন, ‘এখানে উভয় পক্ষের দোষ-ত্রুটি আছে। বিষয়টি আমরা পারিবারিকভাবে সমাধান করে নেব।’