সম্পত্তির বিরোধে বাবাকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে পাঠানো টাকা ও সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বাবাকে খুন করেছেন এক যুবক। তিনি বড় ভাইকেও হত্যার চেষ্টা করেন। কিন্তু বড় ভাই পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যান। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আছকর মিয়াকে (৬৫) দুপুরে তাঁর ছেলে জামাল মিয়া (৩০) রান্নাঘরে ফেলে বটি দিয়ে কোপাতে থাকেন। পরে মৃত্যু নিশ্চিত করার জন্য তাঁকে জবাই করেন। এ সময় জামাল তাঁর বড় ভাই সোনাই মিয়াকেও বটি নিয়ে ধাওয়া করেন। কিন্তু সোনাই মিয়া দৌড়ে প্রাণে রক্ষা পান। পরে জামাল সামান্য বিষপান করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার বাড়িতে ফিরে গিয়ে বাবার মরদেহের পাশে বসে থাকেন।এ সময় জামাল প্রথম আলোকে জানান, তিনি দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। দুই বছর আগে দেশে ফেরেন। বিদেশ থেকে তাঁর পাঠানো টাকার কোনো হিসাব দিতে না পারায় এবং সম্পত্তি ভাগাভাগি না করায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন। জামাল বলেন, এখন আইনিভাবে বিষয়টির সুরাহা হবে। তাই তিনি পালিয়ে না গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন।এদিকে জামালের স্ত্রী জানান, জামাল প্রথমে তাঁর পায়ে কোপ দেন। শ্বশুর বিষয়টির প্রতিবাদ করায় এতে ক্ষিপ্ত হয়ে জামাল নিজের বাবাকে হত্যা করেন।স্থানীয় বাসিন্দারা জানান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আয়মুছ আলী ঘটনাস্থলে গিয়ে জামালকে গ্রেপ্তার করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিকেলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন নিহত আছকর মিয়ার বড় ছেলে সোনাই মিয়ার কাছ থেকে একটি অভিযোগ গ্রহণ করেন। এসআই আয়মুছ আলী জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয়েছে।