ম্রো আদিবাসী নারীরা সম্পত্তির মালিকানা ও উত্তরাধিকার দাবি করেছেন। তাঁরা বলেছেন, যেহেতু ম্রো সমাজে কর্মক্ষেত্রে নারী-পুরুষ সবাই সমান, তাই প্রথাগত সামাজিক আইনে নারীদের উত্তরাধিকার হিসেবে বাবার ও স্বামীর সম্পত্তির এক-চতুর্থাংশ পাওয়ার বিধান থাকা উচিত। গতকাল রোববার বান্দরবানে ম্রো আদিবাসী সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে ‘ম্রো সামাজিক ও পারিবারিক আইন’ শীর্ষক আলোচনা সভায় ম্রো নারীরা এ দাবি জানান। স্থানীয় টাউন হলে ম্রো সোশ্যাল কাউন্সিলের সভাপতি রাংলাই ম্রোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কামরুল আহসান, রুমা উপজেলা ভাইস চেয়ারম্যান খয়চং ম্রো, তঞ্চঙ্গ্যা কল্যাণ সমিতির সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি দেন্দোহা জলাই ত্রিপুরা। আলোচনায় কনেপণ প্রথা (ম্রো আদিবাসীদের সামাজিক রীতি অনুযায়ী কনের বাবাকে ১২০টি রুপার মুদ্রা কনেপণ বরপক্ষ থেকে দিতে হয়) ও নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে তুমুল বিতর্ক দেখা দেয়। দুই শতাধিক ম্রো হেডম্যান (মৌজাপ্রধান), কার্বারি (পাড়াপ্রধান), জনপ্রতিনিধি কেউ কনেপণ হিসেবে রুপার মুদ্রা এবং কেউ কাগজের টাকা (দেশীয় মুদ্রা) দেওয়ার পক্ষে মত দেন। তরুণ সমাজের কেউ কেউ বর্তমান যুগে আদৌ কনেপণ প্রথা থাকা প্রয়োজন কি না, সে প্রশ্ন তুলেছেন। নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নারীনেত্রী পাউসিং ম্রোসহ উপস্থিত নারীরা সবাই প্রায় একমত হয়ে বলেছেন, ম্রো নারীরা সন্তান লালন-পালন ছাড়াও অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি কাজ করে থাকেন। কিন্তু সমাজে নারীদের সম্পত্তির মালিকানা ও উত্তরাধিকারের কোনো বিধান নেই। এ জন্য কোনো কারণে বিবাহবিচ্ছেদ হলে শূন্য হাতে নারীদের তাড়িয়ে দেওয়া হয়। পাউসিং ম্রো বলেন, ম্রো সামাজিক আইনে নারীদের সম্পত্তির মালিকানা ও পরিবারের সব সম্পত্তির এক-চতুর্থাংশ পাওয়ার বিধান অবশ্যই রাখতে হবে।ম্রো সোশ্যাল কাউন্সিলের সভাপতি রাংলাই ম্রো বলেন, নারীদের সম্পত্তির মালিকানা ও উত্তরাধিকারের বিষয়টি নিয়ে কিছু বিতর্ক দেখা দিলেও উপস্থিত প্রতিনিধিরা প্রায় সবাই নারীদের দাবির প্রতি একমত হয়েছেন। ভবিষ্যতে উপজেলা পর্যায়ে আরও সভা হবে। তখন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, ম্রো আদিবাসীদের উন্নয়নে জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড থেকে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দুই দিনের ম্রো আদিবাসী সম্মেলনে জেলার সাত উপজেলা থেকে দুই শতাধিক ম্রো প্রতিনিধি অংশ নেন। গতকাল রোববার তাঁরা সারা দিন সামাজিক আইন ছাড়াও অনগ্রসর ম্রো সমাজের বিভিন্ন সমস্যা-সংকট নিয়ে আলোচন করেন।