সম্পত্তির লোভে খুন ভাইয়ের মৃত্যুদণ্ড
গাজীপুরে সম্পত্তির লোভে নয় মাসের অন্তঃসত্ত্বা বোনকে খুনের দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ হয়েছে। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক গতকাল মঙ্গলবার এই রায় দেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামি হলেন মো. জহিরুল ইসলাম ওরফে কালু (৩৬)। গাজীপুরের শ্রীপুরের বরমী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে তিনি। তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
গাজীপুর আদালতের সরকারি কৌঁসুলি হারিছ উদ্দিন আহমদ বলেন, শ্রীপুরের বরমী মধ্যপাড়ার মো. আসাদুজ্জামান আজাদের স্ত্রী ফারজানা আক্তার নার্গিস নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্তান প্রসবের জন্য ২০১২ সালের ৪ মার্চ মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে নেন নার্গিসের বাবা।
হারিছ উদ্দিন আহমদ বলেন, নিজের জমি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিয়ে আসছিলেন জহিরুল। একপর্যায়ে জমি লিখে না দিলে তিনি তাঁর আপন বোনকে হত্যার হুমকি দেন। ওই বছরের ৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে জহিরুল তাঁর বোন নার্গিসকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পরপরই ধরা পড়েন জহিরুল।
এ ঘটনায় নার্গিসের স্বামী আসাদুজ্জামান বাদী হয়ে জহিরুলকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। একই বছরের ১ মে মামলার তদন্ত কর্মকর্তা জহিরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে গতকাল আদালত রায় দিলেন।