সম্পত্তির লোভে শিশু অপহরণ, ১৮ ঘণ্টা পর উদ্ধার
মেহজাবিদ আরা নামে সাড়ে তিন বছরের এক শিশু দাদার সঙ্গে গ্রামের বাড়িতে গিয়ে আপন চাচার হাতে অপহূত হয়। র্যা ব ও পুলিশের তৎপরতায় শিশুটি ১৮ ঘণ্টা পর গত শনিবার রাত দুইটায় উদ্ধার হয়। শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি রোডের বাসা থেকে দাদা আবুল খায়েরের সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণুপুর গ্রামে বেড়াতে যায় সৌদিপ্রবাসী কেফায়েত উল্যার দুই মেয়ে সাদিয়া ইসলাম (১৩) ও সাড়ে তিন বছরের মেহজাবিদ আরা। পরদিন শনিবার সকালে বাড়ির সামনে অন্যদের সঙ্গে খেলছিল শিশু মেহজাবিদ আরা। এ সময় তার চাচা কলিম উল্যাহ শিশুটি আদর করে কোলে তুলে নেয় এবং তার চুল বড় হয়ে গেছে বলে মন্তব্য করে। তারপর চুল কাটার জন্য স্থানীয় কালিয়াতলা বাজারে নিয়ে একটি মাইক্রোতে তুলে অজ্ঞাত স্থানে চলে যায়। প্রায় দুই ঘণ্টা পর চাচা কলিম উল্যা শিশু মেহজাবিদ আরার মাকে মুঠোফোনে মুক্তিপণ হিসাবে সাড়ে তিন লাখ টাকা দাবি করে। তার মা ৫০ হাজার টাকা দিতে রাজি হয়। কিন্তু অপহরণকরী এতে রাজি হয়নি এবং পুলিশ কিংবা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থাকে জানালে অথবা চালাকি করলে শিশুটিকে জীবিত পাওয়া যাবে না বলে হুমকি দেয়। দর-কষাকষির একপর্যায়ে শনিবার দুপুরে শিশু অপহরণের বিষয়টি র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৭) ফেনী ক্যাম্পে এবং চৌদ্দগ্রাম থানা পুলিশকে জানানো হয়। এরপর শিশুটিকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে র্যা ব ও পুলিশ। শিশুটিকে উদ্ধারে তার মাসহ অন্যরা যখন ব্যস্ত, তখন অপহরণকারী কলিম উল্যা বাড়িতে গিয়ে তার বাবা ও শিশুর দাদা আবুল খায়েরের কাছ থেকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য ছয়টি অলিখিত সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। পরে শিশুর মা আকলিমা আক্তার শিশু অপহরণ এবং দাদা আবুল খায়েরের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার জন্য কলিম উল্যা, কিরন ও স্বপন মিয়ার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশের চাপে পড়ে অপহরণকারীরা ঘটনার ১৮ ঘণ্টা পর রাত দুইটায় শিশুটিকে চৌদ্দগ্রামের পিজিরকরা রাস্তারমাথা নামক স্থানে রেখে যায়। তার পরিবার পুলিশের সহযোগিতায় ওই স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় শিশুটি অসুস্থ থাকায় তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মনির শিশুটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটি তাদের পারিবারিক ব্যাপার। আগামীকাল (আজ সোমবার) তারা এ বিষয়ে একটি সমঝোতায় বসবে। মীমাংসা না হলে থানায় মামলা করা হবে।