মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
সম্পদ অনেক, আয় সামান্য
৩২ প্রতিষ্ঠানের মধ্যে চলছে মাত্র ১টি। জমি ও স্থাপনা ভাড়া দেওয়া নিয়ে দুর্নীতি, অনিয়মের অভিযোগ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা। এ বিপুল সম্পদ নিয়েও ট্রাস্টের আর্থিক অবস্থা খুবই করুণ। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বড় অবদান রাখা দূরে থাক, বিপুল সম্পদ থেকে নিয়মিত ব্যয়ের টাকাই জোগাড় করতে পারে না ট্রাস্ট।
সম্পদশালী ট্রাস্টের জমি আছে প্রায় ৭০ একর। ট্রাস্টের কর্মকর্তাদের ভাষ্য, এই জমির বাজার মূল্য অন্তত দুই হাজার কোটি টাকা। তবে সম্পদের তুলনায় আয় খুব সামান্য। এসব জমি ও স্থাপনা থেকে ট্রাস্টের মাসে আয় মাত্র ২ কোটি ৬ লাখ টাকার মতো। যদিও বেতন–ভাতা, রক্ষণাবেক্ষণ বাবদ ট্রাস্টের মাসিক ব্যয় প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা। এমন অবস্থায় ট্রাস্ট দৈনন্দিন ব্যয়ের ঘাটতি মেটায় ১৯২ কোটি টাকার স্থায়ী আমানত থেকে। সেখান থেকে মাসে সুদ আসে ১ কোটি ২৮ লাখ টাকার মতো।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুর্নীতি, যোগ্য নেতৃত্বের অভাব এবং দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত না থাকার কারণে ট্রাস্টটি ডুবতে বসেছে।
অথচ কথা ছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তার অধীনে দেওয়া প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আয় করবে এবং সেই আয় দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কর্মসংস্থান ও আর্থিক সুযোগ–সুবিধা নিশ্চিত করবে। এ উদ্দেশ্যে ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টটি গঠন করেন। ওই সময়ে ‘লাভজনক’ মোট ১৮টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাস্টের অধীনে দেওয়া হয়। পরে যোগ হয় আরও ১৪টি প্রতিষ্ঠান। বর্তমানে এটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুর্নীতি, যোগ্য নেতৃত্বের অভাব এবং দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত না থাকার কারণে ট্রাস্টটি ডুবতে বসেছে।
এত প্রতিষ্ঠানের মালিক ট্রাস্ট বীর মুক্তিযোদ্ধাদের কতটা কল্যাণ করতে পারছে, জানতে চাইলে ট্রাস্টের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে ট্রাস্ট করেছিলেন, সে উদ্দেশ্য হয়তো পূরণ হয়নি, তারপরও কিছু কল্যাণ হচ্ছে। তবে আরও অনেক কিছু করার সুযোগ ছিল।
ট্রাস্টের তথ্য অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা ২২ ধরনের সুবিধা পান। এগুলোর মধ্যে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তিসহ আট ধরনের সুবিধা ট্রাস্ট নিজের টাকায় দেয়। এসব সুবিধা দিতে গত অর্থবছরে ট্রাস্ট ব্যয় করেছে ৫ কোটি ১১ লাখ ২৪ হাজার টাকা।
স্বাধীনতার ৪৯ বছর পরে এখন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের পরিচালনায় সচল আছে মাত্র ১টি প্রতিষ্ঠান। একসময়ের লাভজনক প্রতিষ্ঠান কোকা–কোলা উৎপাদনকারী তাবানী বেভারেজও বন্ধ হওয়ার পর ভাড়া দেওয়া হয়েছে।
এর কারণ সম্পর্কে ট্রাস্টের সাবেক উপমহাব্যবস্থাপক আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, বিশাল এই সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য কখনোই সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হয়নি। কারখানাগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করা হয়নি। ফলে দিনে দিনে এই অবস্থা হয়েছে। এক তাবানী বেভারেজ ঠিকমতো চালাতে পারলে সেই আয়ের টাকায় পুরো ট্রাস্ট ভালোমতো চলতে পারত।
বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে ট্রাস্ট করেছিলেন, সে উদ্দেশ্য হয়তো পূরণ হয়নি, তারপরও কিছু কল্যাণ হচ্ছে। তবে আরও অনেক কিছু করার সুযোগ ছিল।এম ইদ্রিস সিদ্দিকী, ট্রাস্টের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক
টিকে আছে শুধু পূর্ণিমা
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের টিকে থাকা একমাত্র প্রতিষ্ঠান পূর্ণিমা ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন। এ প্রতিষ্ঠানকেও ২০১৯ সালে ভাড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই বছরের ৩১ জুলাই প্রতিষ্ঠানটি ‘আলমাদানী অ্যাসোসিয়েট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে মাসে পাঁচ লাখ টাকায় ভাড়া দেওয়ার জন্য চুক্তিও হয়েছিল।
অভিযোগ রয়েছে, ভাড়া দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে অলাভজনক প্রমাণের চেষ্টা করা হয়েছিল। যদিও ট্রাস্টের নথি বলছে, প্রতিষ্ঠানটি কখনোই অলাভজনক ছিল না। ২০১৮ সালের (জুন–নভেম্বর পর্যন্ত) পাঁচ মাসে এ প্রতিষ্ঠান থেকে লাভ হয় (পুঁজি বৃদ্ধিসহ) প্রায় ৪৭ লাখ ৬৮ হাজার টাকা।
শেষ পর্যন্ত বিতর্কের মুখে ফিলিং স্টেশনটি ভাড়া দেওয়ার চুক্তি বাতিল হয়। এরপরই আসে ঘুষের অভিযোগ। যে প্রতিষ্ঠানের সঙ্গে ভাড়ার চুক্তি হয়েছিল, সেই প্রতিষ্ঠান গত অক্টোবরে লিখিতভাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ১৫ লাখ টাকা ঘুষ নিয়েও ফিলিং স্টেশনটি ভাড়া না দেওয়ার অভিযোগ করে।
ট্রাস্টের জায়গা ভাড়া দেওয়াসহ নানা বিষয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তদন্তে এসবের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হবে।
অভিযোগ অনুযায়ী, ঘুষ নিয়েছিলেন ট্রাস্টের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইফতেখারুল ইসলাম খান ও বর্তমান উপমহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে দুজনই ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
অবশ্য গত ৫ নভেম্বর সংসদীয় স্থায়ী কমিটির সভায় ইফতেখারুল ইসলাম খান ও সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত বা বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সুপারিশ করা হয়। গত ২৬ নভেম্বর ইফতেখারুল ইসলাম খানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি হয়। তবে সিরাজুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, ট্রাস্টের জায়গা ভাড়া দেওয়াসহ নানা বিষয়ে অনিয়মের অভিযোগ তাঁরা পেয়েছেন। তদন্তে এসবের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হবে।
ট্রাস্টের জমির ভাড়াসহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। পরবর্তী নির্বাহী কমিটির সভায় এসব নিয়ে আলোচনা হতে পারে।মোস্তাফিজুর রহমান, ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য ও সাংসদ
ভাড়া নিয়ে আরও অভিযোগ
বর্তমানে মতিঝিলে ট্রাস্টের প্রধান কার্যালয়ের আংশিক, গুলিস্তান কমপ্লেক্স, পুরান ঢাকার মদনপাল লেনের মডেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, তেজগাঁওয়ের সিরকো সোপ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মিমি চকলেট লিমিটেড, তেজগাঁও ও মিরপুরের তাবানী বেভারেজ, ঢাকার কলেজ গেটের মুক্তিযুদ্ধ টাওয়ার, চট্টগ্রামের বাক্সলী পেইন্টস, ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, দেলোয়ার পিকচার্স, মাল্টিপুল জুস কনসেনট্রেট প্ল্যান্ট—এসব প্রতিষ্ঠানের জমি ও স্থাপনা ভাড়া দেওয়া রয়েছে। এ ছাড়া ট্রাস্টের মালিকানাধীন চট্টগ্রামের টাওয়ার একাত্তরের একাংশ এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের দুই খণ্ড জমি ভাড়া দেওয়া রয়েছে। এর মধ্যে তাবানী বেভারেজসহ ১০টি প্রতিষ্ঠানের জমি ও স্থাপনা ভাড়া দেওয়া হয় গত দুই বছরে। এ ছাড়া তেজগাঁও শিল্প এলাকার এক একর জমি ভাড়া দেওয়া হয় মাসে ১২ লাখ ২০ হাজার টাকায়। মিরপুরের সোয়া সাত একর ভাড়া দেওয়া হয়েছে মাসে ২৫ লাখ ২৬ হাজার টাকায়।
জমি ভাড়া দেওয়ার ক্ষেত্রে একটি কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। চুক্তিপত্রে ইজারার পরিবর্তে অস্থায়ী ভাড়া লেখা হয়েছে। কারণ, আইন অনুযায়ী, ট্রাস্টি বোর্ডের অনুমোদন ছাড়া ট্রাস্টের কোনো সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা দীর্ঘ মেয়াদে ইজারা (লিজ) দেওয়ার সুযোগ নেই।
এ–সংক্রান্ত চারটি চুক্তিপত্র সংগ্রহ করেছে প্রথম আলো। দুটি চুক্তিপত্রে ভাড়া দেওয়ার ক্ষেত্রে নির্বাহী কমিটির অনুমোদন নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর বাকি দুটিতে নির্বাহী কমিটি বা ট্রাস্টি বোর্ড থেকে অনুমোদন নেওয়ার কোনো তথ্য নেই। যদিও ট্রাস্টের সেই সময়ের এমডি ইফতেখারুল ইসলাম খান দাবি করেন, বোর্ডের অনুমোদন নিয়েই জায়গা ভাড়া দেওয়া হয়েছে।
জানতে চাইলে ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য ও সাংসদ মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রাস্টের জমির ভাড়াসহ বিভিন্ন বিষয়ে তাঁদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। পরবর্তী নির্বাহী কমিটির সভায় এসব নিয়ে আলোচনা হতে পারে।
ট্রাস্টের সব সম্পত্তি বিক্রি করে টাকা স্থায়ী আমানত করে ব্যাংকে জমা রাখাও ভালো। এতেও মাসে এক শ থেকে দেড় শ কোটি টাকা আয়ের সুযোগ আছে।
দুর্নীতি ‘ধরে’ রোষানলে
একসময় ট্রাস্টের পূর্ণিমা ফিলিং স্টেশনের প্রতিষ্ঠানপ্রধান ছিলেন (২০১৮ সালের জুন–নভেম্বর) আবদুল কাইয়ুম খান, যিনি ট্রাস্টের মালিকানাধীন গুলিস্তান কমপ্লেক্সের দায়িত্ব পেয়ে কমপ্লেক্সের জায়গা বরাদ্দ নিয়ে দুর্নীতির তদন্ত করেন। তিনি দাবি করেন, তদন্ত প্রতিবেদনে ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির তথ্য মেলে। ২০১৯ সালের এপ্রিলে তদন্ত প্রতিবেদন তখনকার এমডি ইফতেখারুল ইসলাম খানকে দেওয়া হয়েছিল। তবে তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে এ বিষয়ে আবদুল কাইয়ুম খান সংসদীয় কমিটির কাছে অভিযোগ করেন।
আবদুল কাইয়ুম দাবি করেন, সংসদীয় কমিটিতে অভিযোগ করে তিনি এমডির রোষানলে পড়েন। এরপর তাঁকে বদলি করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে পাঁচটি বিভাগীয় এবং একটি ফৌজদারি মামলা করা হয়। গত আগস্ট থেকে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।
ফৌজদারি মামলায় অভিযোগ করা হয়, আবদুল কাইয়ুম পূর্ণিমা ফিলিং স্টেশনের প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘পূর্ণিমা ফিলিং স্টেশন আমার সময়েই সবচেয়ে বেশি লাভজনক ছিল। এ জন্য কর্তৃপক্ষ আমাকে প্রশংসাপত্র ও পদোন্নতিও দিয়েছিল।’
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আবদুল কাইয়ুম খান দায়িত্ব নেওয়ার সময় পূর্ণিমা ফিলিং স্টেশনের দুটি ব্যাংক হিসাবে জমা টাকা ছিল (পুঁজি) প্রায় ৩ লাখ ৫৬ হাজার টাকা। তিনি দায়িত্ব ছাড়ার সময় হিসাব দুটিতে জমা ছিল ২২ লাখ টাকার বেশি। এ ছাড়া ওই সময়ে ফিলিং স্টেশন থেকে ট্রাস্টের নিট লাভ হয় আরও ২৮ লাখ ৮৩ হাজার টাকা। এসব বিবেচনায় নিয়ে পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, কাইয়ুম খানের বিরুদ্ধে ট্রাস্টের আনা অভিযোগ অসত্য ও ভিত্তিহীন।
ট্রাস্টের বর্তমান অবস্থা সম্পর্কে মতামত জানতে চাইলে ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন উল্টো প্রশ্ন করেন, ‘ট্রাস্ট কি এখনো আছে?’ তিনি বলেন, যাঁদের মুক্তিযুদ্ধ নিয়ে ‘প্যাশন’ আছে, তাঁদের দায়িত্ব না দিলে অবস্থা এমনই হবে। তিনি বলেন, ট্রাস্টের সব সম্পত্তি বিক্রি করে টাকা স্থায়ী আমানত করে ব্যাংকে জমা রাখাও ভালো। এতেও মাসে এক শ থেকে দেড় শ কোটি টাকা আয়ের সুযোগ আছে।