সম্পদ ও নগদ অর্থ বেড়েছে আ.লীগ ও বিএনপি প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন খানের গত পাঁচ বছরে সম্পদ ও নগদ অর্থ দুটিই বেড়েছে। একই সময়ে আওয়ামী লীগের প্রার্থীর সম্পদ ও নগদ টাকা বেড়েছে। ২০১১ সালে ও চলতি বছর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তাঁদের হলফনামার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার টানা দুইবারের মেয়র তোফাজ্জল হোসেন খান এবারও বিএনপির মনোনয়ন নিয়ে তৃতীয়বারের মতো লড়াইয়ে আছেন। গত নির্বাচনে তাঁর হাতে কোনো নগদ টাকা ছিল না। পাঁচ বছরের ব্যবধানে আয় ও ব্যয়ে ব্যাপক পরিবর্তন এসেছে তাঁর। ২০১১ সালের পৌর নির্বাচনে শূন্য হাতের এই প্রার্থী বর্তমানে ৫৯ লাখ ১৯ হাজার ৫৪৪ নগদ টাকার মালিক। বাড়ি ও দোকানপাট ভাড়া থেকে আয় করেছেন ১ লাখ ৫৫ হাজার টাকা। বেড়েছে স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণও। তবে এবার তিনি ব্যবসায় লোকসান গুনেছেন ২ লাখ ৫২ হাজার ৩৫৬ টাকা। ওই সময় ব্যবসা থেকে বার্ষিক আয় করেছিলেন ৬ লাখ ৪ হাজার টাকা।

তোফাজ্জল উপজেলা বিএনপির আহ্বায়ক। ২০১১ সালের হলফনামায় ‘আমার ব্যবসা ও পেশার বিবরণীতে’ তোফাজ্জল যমুনা ওয়েল কোম্পানির ডিলার, মেসার্স খান ব্রাদার্স ফিলিং স্টেশন ও কেএকে ব্রিক্সফিল্ডের মালিক উল্লেখ করেছিলেন। ছকে এবার ব্রিক্সফিল্ডটি সরিয়ে নিয়ে অন্যান্য ব্যবসা ও বাড়িভাড়া যুক্ত করা হয়েছে। পাঁচ বছরের ব্যবধানে বিএনপি প্রার্থীর বার্ষিক আয় কমেছে ৪ লাখ ৮৫ হাজার টাকা। আয়ের উৎস হিসেবে এবার তিনি দেখিয়েছেন ভাড়া বাবদ ১ লাখ ৫৫ হাজার টাকা। ওই ছকে তিনি ব্যবসায় ২ লাখ ৫২ হাজার ৩৫৬ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন।

পর্যালোচনা করে দেখা গেছে, আগে ব্যাংকে তাঁর কোনো টাকা জমা ছিল না। এবার ব্যাংকে জমার পরিমাণ ৪ লাখ ৪ হাজার ৪৭১ টাকা। একটি ট্রাক, একটি কার, ২০ তোলা সোনা, টিভি ও রেফ্রিজারেটর নতুন করে যুক্ত হয়েছে। আগের উল্লেখ করা না হলেও এবার স্থাবর সম্পদ হিসেবে একটি তিনতলা, একটি একতলা ভবন ও একটি টিনশেড ভবন ও ৬ দশমিক ৯২ একর অকৃষিজমির কথা উল্লেখ করা হয়েছে।

পাঁচ বছরের ব্যবধানে সম্পদের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়ে তোফাজ্জল হোসেন খান বলেন, ‘আমার ব্রিক্সফিল্ডের ব্যবসা ছিল। এবার নেই। সিএনজি গ্যাসের গাড়ি বেড়ে যাওয়ায় ফিলিং স্টেশনের ব্যবসাও লসে চলছে। জমি বিক্রি করে লাভবান হয়েছি। যে জমি পাঁচ টাকায় কিনেছিলাম, সেই জমি বিক্রি করেছি ১০০ টাকায়। ফলে লাভ-লস বাদ দিয়েই সম্পদ বেড়েছে আমার।’

আওয়ামী লীগের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সদস্য শওকত উসমানও নগদ টাকার মালিক হয়েছেন। ব্যবসায় আয় বেড়েছে। শওকত আগের নির্বাচনে তোফাজ্জলের সঙ্গে সামান্য ভোটে হেরে যান।

দুটি হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, শওকত উসমানেরও শূন্যহাত নগদ টাকায় ভরেছে। এবার তিনি ৮ লাখ ৩৫ হাজার নগদ টাকার মালিক। আগের চেয়ে বার্ষিক আয় বেড়েছে ২ লাখ ১০ হাজার টাকা। আগে না থাকলেও এবার তাঁর হাতে আছে ২৫ ভরি সোনা, একটি টিভি, একটি রেফ্রিজারেটর আছে। আগে ব্যাংকে নির্ভরশীলদের ঋণ ছিল ৮০ হাজার টাকা। এবার তিনি এবং তাঁর নির্ভরশীলরা ঋণমুক্ত। আগে কিস্তিতে ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যে একটি মোটরসাইকেল কিনেছিলেন। আগে উল্লেখ না থাকলেও এবার তিনি তার এক স্থানে ৩ দশমিক ৫ শতাংশ এবং আরেক স্থানে ২ শতাংশ অকৃষিজমি এবং ২ শতাংশ জায়গার ওপর একটি বাড়ি আছে বলে হলফনামায় উল্লেখ করেছেন।

শওকত উসমান জানান, পরিশ্রম ও সততার সঙ্গে ব্যবসা করেই জীবনে তিনি অর্থনৈতিক পরিবর্তন এনেছেন।