গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থীর সম্পদ ও মামলা দুটোই বেশি। তবে বার্ষিক আয়ে এগিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
শিক্ষাগত যোগ্যতা ও পেশা: আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আনিছুর রহমান এসএসসি পাস। তিনি হলফনামায় কোনো পেশার কথা উল্লেখ করেননি। বিএনপির প্রার্থী মো. শহিদুল্লাহ শহিদ এলএলবি পাস। তিনি ব্যবসায়ী। তাঁর আশা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। অন্য দুজনের মধ্যে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আহসান উল্লাহ এইচএসসি পাস। তিনিও ব্যবসায়ী। তবে তিনি কী ব্যবসা করেন, তা উল্লেখ করেননি। স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম এসএসসি পাস। তিনি পেশা কৃষিকাজ দেখিয়েছেন।
মামলা: আনিছুর রহমানের বিরুদ্ধে গাজীপুরের আদালতে দুটি মামলা বিচারাধীন। শহিদুল্লাহ শহিদের বিরুদ্ধে গাজীপুর বিচারিক আদালতে ১০টি ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনটি মামলা রয়েছে। এসব মামলার দুটিতে তিনি খালাস ও একটিতে অব্যাহতি পেয়েছেন। অন্য মামলাগুলো বিচারাধীন। অপর দুজনের বিরুদ্ধে কোনো মামলা নেই।
সম্পদ: আনিছুর রহমানের বার্ষিক মোট আয় ৪ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে ৪০ হাজার, বাড়িভাড়া ২ লাখ, সম্মানী ভাতা ১ লাখ ৮০ হাজার টাকা। তাঁর একটি রিভলবার, একটি শটগান, ১০ ভরি স্বর্ণ রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে কৃষি ও অকৃষি জমি রয়েছে ৫৪০ শতাংশ, পাঁচটি কক্ষ নিয়ে একটি বাড়ি ও ও পাঁচটি আধাপাকা দোকান রয়েছে।
শহিদুল্লাহর মোট বার্ষিক আয় ৪ লাখ ৯ হাজার ৮০ টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে ২০ হাজার, বাড়িভাড়া ২ লাখ ৮৯ হাজার ৮০ টাকা, ব্যবসা থেকে ১ লাখ টাকা পান। তাঁর নগদ ৩ লাখ টাকা রয়েছে। পৈতৃক সূত্রে তিনি ৫ ভরি স্বর্ণ, বিয়ের সময় ১০ ভরি স্বর্ণ পেয়েছেন। পৈতৃক সূত্রে পেয়েছেন কৃষিজমি ৬৫ শতাংশ, প্রায় সাড়ে ৪ হাজার বর্গফুটের তিনতলা বাড়ির একাংশ; যার মূল্য ২১ লাখ ২৯ হাজার ২৬৬ টাকা। আরও পেয়েছেন ৩৫০ বর্গফুটের একটি ভবনের এক অংশ; এর মূল্য ১৭ লাখ ৫ হাজার ৩৩২ টাকা। আড়াই হাজার বর্গফুটের একটি ভবনের একাংশ; মূল্য ৬ লাখ ৮০ হাজার ৩৩২ টাকা ও অপর একটি ভবনের একাংশ; মূল্য ৫ লাখ ৯৮ হাজার ৭৭৪ টাকা। তাঁর পৈতৃক সূত্রে অকৃষি জমি রয়েছে ১২৩ শতাংশ।
আহসান উল্লাহ ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজের ১ লাখ ও স্ত্রীর ২ লাখ টাকা। স্বর্ণ রয়েছে ২০ ভরি। তাঁর কৃষিজমি রয়েছে পাঁচ বিঘা।
আবুল কাশেমের পেশা কৃষি। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন মোট ৫৫ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে ৫০ হাজার ও বাড়িভাড়া থেকে ৫ হাজার টাকা পান। তাঁর ৪ ভরি স্বর্ণ রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমি এক বিঘা, যৌথভাবে রয়েছে সাত বিঘা ও অকৃষি জমি ৬ শতাংশ।
শ্রীপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত হয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, স্থাবর ও অস্থাবর সম্পদ এবং মামলার বিষয়সহ অন্য তথ্য ভোটারদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।