কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ হোসেনের সম্পদ ও শিক্ষাগত যোগ্যতা বেশি। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরের ব্যাংকে দায়দেনা আছে। উভয় চেয়ারম্যান প্রার্থীর হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বরুড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের মনোনয়নপত্র জমা দেন ১ ডিসেম্বর। এ জেলায় চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
আবু তাহের হলফনামার দায়দেনার কলামে উল্লেখ করেন, তাঁর হাউজ বিল্ডিং লোন ৩০ লাখ টাকা, সাভারে বাড়ি নির্মাণে ব্যাংক থেকে ঋণ ৫ লাখ টাকা ও জামানতবিহীন ঋণ দায় ৪ লাখ ৩৫ হাজার টাকা। তাঁর স্থাবর সম্পত্তির মধ্যে অকৃষি জমি ৩৫ শতক, ঢাকায় ছয়তলা নির্মাণাধীন ভবন, রাজধানীর ডিওএইচএসে একটি অ্যাপার্টমেন্ট ও সাভারে ছয়তলা বাড়ির অর্ধেক মালিক তিনি। অস্থাবর সম্পদের মধ্যে আবু তাহেরের কাছে নগদ টাকা আছে ৫০ হাজার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩৩ লাখ ৬২ হাজার ৭১৪ টাকা, স্থায়ী আমানত ৩১ লাখ টাকা। তাঁর টয়োটা এলিয়েন কার আছে একটি। আয়ের উৎসের মধ্যে ভাড়া পান ১ লাখ ১০ হাজার ২৫০ টাকা, ব্যাংক আমানত থেকে পান ৩ লাখ ৪০ হাজার ৬৫০ টাকা। চাকরি থেকে পান ৩ লাখ ২৪ হাজার টাকা।
সাজ্জাদ হোসেনের কাছে নগদ টাকা আছে ২৪ লাখ ১ হাজার ৪৯ টাকা, ব্যাংকে জমা ১৮ হাজার ৫৯৯ টাকা, শেয়ারে আছে ২ লাখ ৫০ হাজার টাকা। আয়ের উৎসের মধ্যে বাড়িভাড়া পান ২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। ব্যবসা থেকে আয় ১৬ লাখ ১৬ হাজার ৫৩৬ টাকা। স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমি আছে ৫৩৩ শতক। যার মূল্য ৩৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। অকৃষি জমি আছে ২১ লাখ ৫৯ হাজার ৬৬৭ টাকা, ৯০ লাখ টাকার নয়টি অ্যাপার্টমেন্ট আছে, ধানমন্ডিতে একটি বাড়ি আছে ও এলাকায় একটি মত্স্যখামার রয়েছে। তাঁর কোনো দায়দেনা নেই।
এ ছাড়া আবু তাহেরের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। সাজ্জাদ হোসেনের শিক্ষাগত যোগ্যতা বিএ।
আবু তাহেরের বিরুদ্ধে কোনো মামলা নেই। সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ২০১২ সালের ৪ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলম ওরফে পলাশ হত্যা মামলায় বুড়িচং থানায় একটি মামলা হয়। ওই মামলায় সাজ্জাদ হোসেন ১ নম্বর আসামি ছিলেন। ওই মামলার অভিযোগপত্র থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। হলফনামার ২ (খ) কলামে তিনি এ তথ্য উপস্থাপন করেন।