সম্পদ কমেছে বিএনপির 'বিদ্রোহী' মেয়র প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ ও বর্তমান মেয়র আবদুল মতিনের সম্পদ কমেছে। তাঁর দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
তিনি হলফনামায় শহরের পাঠানপাড়ায় তাঁর ছয় কাঠা জমির ওপর তিনতলা বাড়ির দাম দেখিয়েছেন মাত্র আট লাখ টাকা। গত নির্বাচনে তাঁর নিজের বা স্ত্রীর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির বিবরণ ও টাকা না থাকলেও এবার নিজের নগদ ২ লাখ ৭২ হাজার টাকা ও স্ত্রীর ২ লাখ ৮ হাজার টাকার কথা হলফনামায় উল্লেখ করেছেন। ২০১১ সালের পৌর নির্বাচনে তিনি হলফনামায় জলসা ও দোয়া মাহফিল থেকে ১ লাখ ৪৪ হাজার ও চাকরি থেকে ৩৬ হাজার টাকা আয় দেখিয়েছিলেন। কিন্তু এবার এ খাতে আয় দেখানো হয়েছে মাত্র ৩২ হাজার টাকা।
বাড়ির দাম প্রসঙ্গে তিনি বলেন, শ্বশুরবাড়ি ও বিভিন্নজনের দান-অনুদান নিয়ে এ বাড়ি হয়েছে। নির্বাচনে তিনি তাঁর সম্ভাব্য ব্যয় দেখিয়েছেন ৪ লাখ ৫৮ হাজার টাকা। যার সিংহভাগই স্ত্রীর বাবার বাড়ি থেকে এনেছেন বলে জানান।
নগদ টাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার স্ত্রী একজন পুলিশ সুপারের (এসপি) মেয়ে। সংসারের খরচের একটি অংশ সেখান (স্ত্রীর বাবার বাড়ি) থেকে আসে।’
বাড়ির ও জমির দামের বিষয়ে উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টা আমরা খতিয়ে দেখব।’