সম্পদ ফেলে নিরাপদ আশ্রয়ে যেতে অনীহা
ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানতে পারে, এই আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যেতে বলা হলেও বরগুনার চর ও নিম্নাঞ্চলের বাসিন্দারা সম্পদ ফেলে যেতে চাইছে না। একই অবস্থা ভোলার চরাঞ্চলের বাসিন্দাদের।বরগুনার জেলা প্রশাসক আবদুল ওয়াহাব ভূঞা গতকাল বুধবার বিকেলে জানান, চর ও নিম্নাঞ্চল এবং বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে যেসব পরিবার বসবাস করছে, তাদের সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়াসহ বিভিন্ন উদ্যোগে নেওয়া হয়েছে।তবে ওই সব এলাকার অনেক বাসিন্দার ধারণা, মহাসেন সিডরের মতো ভয়াবহ হবে না। আর শেষ পর্যন্ত এসব এলাকায় মহাসেন আঘাত না-ও হানতে পারে। পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর তীরের পোতাভাঙ্গা এলাকার ঢালের বাইরে খুপরিতে বসবাসকারী আবদুস সালাম বলেন, ‘ঝড় আইবে কিনা এহনো ঠিক নাই। হুনছি সাত নম্বর সিঙ্গাল দেছে। এইডা সিডরের চাইতে বড় ঝড় না।’ বিষখালী নদীর তীরের উত্তরা আবাসন প্রকল্পের বাসিন্দা সালেহা বেগম বলেন, ‘ঘর চাইড়্যা কোনোহানে যামু না। হুনছি এই হেই রহম বড় ঝড় না।’ঘূর্ণিঝড় মহাসেনের সম্ভাব্য আঘাত হানার আশঙ্কায় ভোলার সাতটি উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নে ও বিচ্ছিন্ন চরাঞ্চলে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। কিন্তু ১২টি ইউনিয়ন ও ৫০টি চরাঞ্চলের প্রায় তিন লাখ মানুষ সম্পদ ফেলে নিরাপদ স্থানে যেতে চাইছে না। এসব এলাকায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রও নেই। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আশ্রয়কেন্দ্রের স্বল্পতার কথা চিন্তা করে গত সোমবার থেকে ঝুঁকিপূর্ণ এলাকার সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। কিন্তু লোকজন তাদের গবাদিপশু ও অন্য মালামাল রেখে নিরাপদ স্থানে যেতে চাইছে না। দৌলতখান উপজেলার মেঘনার মধ্যে জেগে ওঠা মদনপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম বলেন, ‘বান-তুয়ানে আল্লায় মারলে, মরত তো অইবই, কেউ বাচাই তো পারব না, কিন্তুক আমি গরু-বাছুর-হাস-মুরকা কার দারে থুইয়্যা যামু?’মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকী বলেন, উপজেলার দেড় লাখ মানুষের জন্য মাত্র ২৬টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এগুলোর মোট ধারণক্ষমতা সাত-আট হাজার। উপজেলার কলাতলী, চরনিজাম ও ঢালচরে কোনো আশ্রয়কেন্দ্র নেই। সেখানকার বাসিন্দারাও নিরাপদে সরে যেতে চাইছে না।দৌলতখানের হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, তাঁর ইউনিয়নের ১০ হাজার মানুষের জন্য কোনো আশ্রয়কেন্দ্র নেই। যাদের অন্যত্র আত্মীয়স্বজন রয়েছে, তারা বাদে ইউনিয়নের বেশির ভাগ বাসিন্দা বাড়িঘর ফেলে নিরাপদে সরে যেতে চাইছে না। একই কথা বলেন চরফ্যাশনের কুকরি-মুকরি ইউপি, ঢালচর ইউপি, দৌলতখান মদনপুর ইউপি ও রাজাপুর ইউপির চেয়ারম্যানেরা। তাঁরা জানান, জেলার ১২টি ইউনিয়নসহ ৫০টি চর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এসব চরে প্রায় পাঁচ লাখ মানুষের বাস। এর মধ্যে প্রায় দুই লাখ মানুষ অন্যত্র সরে গেলেও তিন লাখ মানুষ ঝুঁকি নিয়ে চরেই রয়ে গেছে। এসব চর এলাকায় মোট ৪২টি আশ্রয়কেন্দ্র থাকলেও এগুলোর মোট ধারণক্ষমতা সর্বোচ্চ ১৫ হাজার। এর মধ্যে ১৫-২০টি আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যদি সাত-আট ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস আঘাত হানে, তবে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।