সম্পদ বিবরণী চেয়ে মুসা বিন শমসেরকে দুদকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে সাত কার্যদিবসের মধ্যে তাঁর সম্পদের হিসাব দিতে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশেষ বাহক মারফত রাজধানীর বনানীতে মুসার ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যাটকোতে এই নোটিশ পাঠানো হয়। তাঁর পক্ষ থেকে নোটিশটি গ্রহণ করা হয়েছে বলে দুদকের উচ্চপর্যায়ের একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, আইন অনুযায়ী নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে মুসা বিন শমসেরকে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে হবে। অবশ্য এ সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে আরও সাত কার্যদিবস সময় বাড়িয়ে নিতে পারবেন।
এর আগে ৫ মে কমিশনের দৈনন্দিন সভার সিদ্ধান্ত অনুযায়ী মুসা বিন শমসেরের নামে সম্পদের নোটিশ জারির অনুমোদন দিয়েছেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এই অনুমোদনের পর গতকাল মুসার ঠিকানায় নোটিশ পাঠায় দুদক।
গত বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি সাময়িকীর ঈদসংখ্যায় মুসাকে নিয়ে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনের সূত্রে একই বছরের ৩ নভেম্বর কমিশনের নিয়মিত বৈঠকে মুসার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।